সহসা দুপুর বেলা
তোমার ভেতর এক খুকি ডেকে ওঠে।
কে ওই খুকি? তুমি না তোমার সন্তান?
সহস্র দুপুরের মধ্যে একটি দুপুর শুধু
আকাশে সেঁটে থেকে
পতপত করে উড়তে থাকে
বীরের হাতে ধরা বিজয়-পতাকার মতো।
জানালার গ্রিল ধরে
শুকাতে দেয়া কাপড়ের ফাঁক দিয়ে
তুমি আর রাস্তা দেখো না ওই দিন। একেকটি
সূর্যরশ্মি পান করো টুপটাপ ঝরে পড়া
জলের মতোন।
খুকিটির কানে কান পাতো
শঙ্খের মতো তার কান সমুদ্রবাহিনী।
একটি দুপুরবেলা
তোমার ভেতর আদি সমুদ্র জাগে
লবণাক্ত, চঞ্চল, গর্জনশীলা সাগর তোমাকে
উন্মনা করে তোলে।
তোমার হৃদয় থেকে লবণ লবণ ঘ্রাণ
বাতাসে রুদ্ধশ্বাস স্থিরতা আনে।
সময় থমকে যায় একটি দুপুরে হঠাৎ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




