সব ছেড়েছুড়ে একদিন সন্ধ্যার ট্রেনে সোজা
সমুদ্র দেখতে যাবো। হাটিকুমরুলেই নেমে পড়বো মাঝ রাতে।
হাটিকুমরুলে সমুদ্র নাই, সমুদ্র ছিল না,
সমুদ্র হবে না কোনো দিন।
তবু সেখানেই যাবো।
এইভাবে চৈতন্য একদিন শ্রীহট্ট থেকে নদীয়া
গিয়েছিলেন। হরি নাম গেয়ে জগৎ মাতিয়েছিলেন।
জগতে হরি নাই, হরি ছিল না
হরি হবেও না কোনো দিন।
তবু জগৎ মেতেছিল তুমুল নামের মৌতাতে।
একদিন সব ছেড়ে ছুড়ে ওই হাটিকুমরুলেই
সমুদ্র দেখতে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


