১.
তোমাকে নেশায় পেয়েছে। তুমি দেখছো এ চৈত্র ক্যামন মাতাল রসের মতন সারাদিন। তোমাকে টেনে নিয়ে যায় তোমাকে টেনে নিয়ে গ্যাছে বৈশাখের কাছে। তুমিও কি আর ভাল আছো!
যতক্ষন তোমার কাছে বিদ্রোহ আসেনি। না বিদ্রোহ না বিদেহী অনুশাষন। তুমি প্রজন্ম থেকে প্রজন্মের দিকে গ্যাছো। বর্ষ থেকে বরষার দিকে।
একদিন পল্লবে আমরাই জনতা। বিচ্ছেদের কাছে হাঁটু গেড়ে বসে যাই। ভুলে যাই বিচারের দাবি তুলে সমস্ত ভালবাসা একত্র করে তুমি কেঁদেছো।
ভুলে গেছি আজ চৈত্রের শেষে তুমিও কি আর ভালো আছো!
কি এমন আহবানে এসেছে নতুন বৈশাখ। তিনদিন তিনরাত্রি পরে যদি মেঘেদের না চাওয়া থেকে ঝড় আসে, শুধু ঝড়। এ বৈশাখে তুমিতো জানোই কি এমন আর হবে যতটা হয়েছে তার থেকে কি এমন আর বেশি? তোমাকে দূরেই রাখে সমস্ত জল আর শান্তি থেকে। কতদিন ধরে তোমাকে বলেনি নতুন সকাল আসে। যত জরা আর কষ্টের পরে ক্লান্তির পরে। তুমিও কি আর ভাল থাকো যখন তোমার থেকে বিদেহী মানবতা যায় দূরে সরে!
কেউ কেউ জানে তোমাকে নেশায় পেয়ে গেলে শুকনো নদীতে ওঠে জনতার ঢেউ!
২.
ভুলে যাই পাখিবিশ্বাসে। বিষন্ন বটের গুড়ির মত চৈত্রের এই দিনকাল। আগুনের ঘুম সারাদিন কৃষ্ণচূড়া ফুল। আজ বিকেলে ডাকছো নদী। গ্রীক দেবী ইশতার আরো কত নাম! সৌন্দর্য্য পুড়িয়ে গেল ভুলো দুটি চোখ ।
তুমিও কি মেঘনিশি সারা সংসারে?
আগুনের ফুল গুঁজে বুকপকেটে জলের পথে খোঁজো ব্যাচেলর মেস। প্রশ্নে প্রশ্নে প্রেয়সীর হাত। পুড়ে যাচ্ছো চৈত্রে।
ভুলে যাই ভালবাসা তোমাকে পুড়িয়ে দিচ্ছে প্রেম প্রসন্নতায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




