যুদ্ধ আমার দেখা হয় নি
দেখতে হয় নি রক্ত মাখা লাশের কাতার।
দেখতে হয় নি পিতা হারা সন্তানের চিৎকার,
সন্তান হারা মায়ের হাহাকার।
কেননা আমার জন্মতো স্বাধীন দেশে,
স্বাধীনতাকে আলিঙ্গন করে বেড়ে উঠেছি এই সবুজের বুকে।
শুধু যুদ্ধের জয়গান শুনেছি মায়ের মূখে।
মায়ের চোখে চোখ রেখে দেখতে চেয়েছি সেদিনের বীভৎসতা।
কানে কান রেখে শুনতে চেয়েছি বুলেটের শব্দ,
যার আঘাতে লক্ষ লক্ষ বুক হয়েছে ক্ষত বিক্ষত।
যার নিষ্ঠুরতায় স্বামী হারা হতে হয়েছে নববধূকে ,
যার হাতে ছিল মেহেদীর রঙ আর বুকে ছিল ঘর বাঁধার স্বপ্ন।
যুদ্ধ আমার দেখা হয় নি
দেখতে হয় নি বধ্যভূমিতে পড়ে থাকা নগ্ন,পচা,দুর্গন্ধযুক্ত ক্ষত বিক্ষত লাশ।
শুনতে হয় নি বোনের চিৎকার
যাকে ধরে নিয়ে গেল মানুষ নামী ঐ পশুরা।
এসবের কিছুই আমার দেখতে হয় নি
শুনতে হয় নি কিছুই।
কেননা আমার জন্মতো স্বাধীন দেশে।
তবু আজ আমি দেখতে পাই সে বীভৎসতা এই স্বাধীন বাংলার মাঠে-ঘাটে-প্রান্তরে।
যখন আজ দেখি নদীর নদীর জলে ভাসছে পরিচয়হীন লাশ
যার দুর্গন্ধে থমথমে বাংলার বাতাস।
তখন মনে আমার প্রশ্ন জাগে
এই লাশ কী বধ্যভূমিতে পড়ে থাকা লাশের সাক্ষর নয়??
যখন দেখি আজও আমার বোনকে হতে হচ্ছে নির্যাতিত-ধর্ষিত,
তখন আমি ভাবি এরাই তো সেই অত্যাচারীর দল।
যাদের অত্যাচারে চোখে পানির বদলে রক্ত ঝরেছে।
যুদ্ধ আমার দেখা হয় নি
দেখতে হয় নি রাজাকারদের স্বার্থপরতা।
মায়ের কোলে থেকেও করেছিল বিশ্বাস ঘাতকতা।
আজ যখন দেখি দুর্নীতিবাজদের আখড়াখানয় পরিণত হয়েছে দেশ,
তখন বলতে আমি দ্বিধান্বিত হই না যে এরাই সে রাজাকারদের উত্তরসূরি, তাদের নষ্ট সন্তান।
যুদ্ধ আমার দেখা হয় নি
সেই একাত্তরের যুদ্ধ।
কিন্তু যে যুদ্ধ আজ চলছে তার আমি সম্মুখ দর্শক।
সে দিনের যুদ্ধের মত আজও রক্ত ঝরে,ক্ষত বিক্ষত হয় বুক।
পার্থক্য এই,
সেদিন আমরা যুদ্ধ করেছি ন্যায়ের জন্য
আর আজ আমাদের যুদ্ধ ন্যায়কে পুতে ফেলার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




