![]()
ছোটবেলায় যখন কেবল বুঝতে শিখেছি তখন দেখতাম আমাদের বাসায় সন্ধ্যার দিকে সুজা কাকা,মিলু কাকা,সালাম দাদু,বাবর আলী দাদু সহ আরও কিছু মানুষ আসত এবং আব্বা সহ তারা বাড়ীর পিছন দিকের রুমটায় রাত ১০ টা বা ১১টা পর্যন্ত আড্ডা দিত।বাড়ীর পিছনের ঐ রুমটা মুল বাড়ী থেকে আলাদা ছিল এবং রুমটায় সোফাসেট সহ কিছু চেয়ার আর একটি খাট ছিল।মাঝে মাঝে তারা আড্ডা দিত আমাদের বাড়ীর ড্রয়িং রুমে।আর যেদিন তারা ড্রয়িং রুমে আড্ডা দিত আমি তাদের সেই আড্ডায় মাঝে মাঝে উঁকি দিতাম।আমার উঁকিঝুঁকি দেখে প্রায়ই আমাকে ডেকে নিয়ে বাবর আলী দাদু আর সালাম দাদুর কেউ একজন আমাকে কোলে নিয়ে বসত।আমি তাদের কথাবার্তায় খুব চিন্তিত হয়ে পড়তাম।তারা আলোচনা করত সামরিক সরকার এরশাদের পতন ঘটাতে হবে,হরতাল দিতে হবে,দেওয়াল লিখন চালাতে হবে,কাউকে পুলিশ ধরে নিয়ে গেছে তাকে ছাড়াতে হবে ইত্যাদি।তাদের কথার কোন মানেই যেহেতু বুঝতাম না মাঝে মাঝে কিছু প্রশ্ন করলে তারা হেসে বলত বড় হও বুঝবে,আর আমি বায়না ধরতাম না আমাকে এখনি বোঝাতে হবে।আমার বায়নার কাছে হার মেনে তারা আমাকে বোঝানোর চেষ্টা করত।আর এই বোঝানোতেই শুরু হল আমার মাথায় রাজনীতি নামক ভাইরাসের প্রভাব।
সালাম দাদু তখন খুলনা জেলা আওয়ামী লীগের ডাকসাইটে নেতা,নেত্রীর আত্মীয়।সুজা কাকা আওয়ামীলীগের নেতা,মিলু কাকা আমাদের ওয়ার্ডের কমিশনার।এইচ এম এরশাদ তখন রাষ্ট্রপতি।সামরিক শাসন চলে,পার্টি অফিসে যাওয়া নেতাদের প্রায় বন্ধ,আর তাই আমাদের বাড়ীর পিছনের রুমটা হয়ে ওঠে রাজনীতি আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার অন্যতম জায়গা।আর সেখানে আসা নেতাদের কাছ থেকে শেখা শুরু করলাম মুক্তিযুদ্ধ কি,বঙ্গবন্ধু কে,শেখ হাসিনা কে,জয়বাংলা মানে কি,হরতাল বা কার্ফু কি,রাজাকার-আলবদর কারা,জামায়াত মুক্তিযুদ্ধের সময় কি করেছে,প্রভৃতি।আর এভাবেই তখনকার শীর্ষস্থানীয় আওয়ামীলীগ নেতাদের স্নেহ আর ভালবাসায় দিন কাটিয়েছি আর তখন থেকেই মনে একটা গোপন ইচ্ছা লালন শুরু করলাম ভবিষ্যতে রাজনৈতিক নেতা হবার।
ক্লাস নাইনে ওঠার পর ১৯৯৩ সালে খুলনা মহানগরের ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্নসম্পাদক দিয়ে সরাসরি রাজনীতিতে অংশ গ্রহণ করে খুলনা সদর থানা ছাত্রলীগ,মহানগর ছাত্রলীগ,সবশেষে জেলা ছাত্রলীগ এর বিদ্রোহী গ্রুপে রাজনীতি করেছি।ঢাকায় শিক্ষা জীবনেও জড়িত ছিলাম আওয়ামী রাজনীতিতে।বিগত দুই বছরের বেশী সময় অবস্থান করছি দাদাবাড়ী-নানাবাড়ীর এলাকা পাইকগাছাতে।আর এই গ্রামের মেঠোপথে নোনাপানির সোনার মানুষদের সাথে অবস্থানের পিছনেও আছে এক ইতিহাস।
৫২ পাইনি,৬৯ পাইনি,৭১ পাইনি,৯০পেয়েছি কিন্তু মিছিলে যাবার বয়স ছিল না।সক্রিয় রাজনীতি করছি কিন্তু কখনও দলের কারো অন্যায় কাজ বা সিদ্ধান্তের সাথে সমঝোতা করিনি।একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব করেছি,সব সময় প্রস্তুত থেকেছি দেশের জন্য নতুন কোন যুদ্ধে শামিল হতে।
রাজনীতি করেছি,পাশাপাশি পড়াশুনাও করেছি নিয়ম মেনে।বাণিজ্য শাখার ছাত্র হবার সুবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি থেকে এম,বি,এ শেষ করেছি।খুলনা আর ঢাকার শহুরে জীবনে অভ্যাস্ত আমি কখনও গ্রামে থাকিনি।দাদা বাড়ি আর নানা বাড়ি পাশাপাশি হলেও দাদা বাড়ীর ভিটা দীর্ঘ ২২ টা বছর ফাঁকা পড়েই ছিল থাকার লোকের অভাবে।দাদা মারা গেছেন ৮৮ সালে খুলনার বাড়িতে।দাদিও মারা গেছেন মাত্র মাসদুই হল খুলনার বাড়িতে।নিয়ম মেনে ২/৩ বছর পর পর ২ দিন বেড়াতে গেছি নানা বাড়িতে।
নানা বাড়িতে একটানা বেশিদিন থেকেছি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে।খুলনা-৬(পাইকগাছা-কয়রা) থেকে মনোনয়ন পান বর্ষীয়ান রাজনীতিবিদ সাদা মনের মানুষ হিসেবে পরিচিত সম্পর্কে মামা সোহরাব আলী সানা।।যাইহোক মামার মনোনয়নের সুবাদে নির্বাচনের আগের তিনটা মাস দিন-রাত পরিশ্রম করেছি।চষে বেড়িয়েছি পাইকগাছা-কয়রার প্রত্যেকটা অলিগলি।আপন করে নিতে পেরেছিলাম এখাকার নোনাপানির সাথে মিশে থাকা সোনার মানুষদের।আমাদের খুলনা জেলার জামায়াত-শিবিরের সবথেকে শক্ত ঘাটি হল এই পাইকগাছা-কয়রা।এখানে বি,এন,পি টিকে আছে নামে মাত্র।সেই জামায়াতের ঘাটি থেকে ব্যাপক ভোটে আমরা জিতেছিলাম,যার মুল ভুমিকায় ছিল তরুণ প্রজন্ম।যুদ্ধাপরাধীদের বিচার হবে,রাজনীতির নতুন সংস্কৃতির উন্মোচন হবে- এই আশায় বুক বেঁধে জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের নতুন ভোটাররা একচেটিয়া সমর্থন করেছিল আমাদের।বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর চলে আসি আবার সেই কোলাহলের ঢাকার জীবনে।
ঢাকায় ফিরে শুরু করেছিলাম পারিবারিক ব্যবসা বুঝে নেবার চেষ্টা।কিন্তু ছন্দপতন ঘটল পাইকগাছা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক হরিদাস গাইন বাবুর এক ফোন কলে।কান্না জড়িত কণ্ঠে বাবুর মা আমাদের প্রিয় মাসী যখন বলল,"মামুন,আমরা মনে হয় আর পাইকগাছায় থাকতে পারবনা।চলে যেতে হবে আমাদের"।তারপর যা জানতে পারলাম তা শুনে রাগে ক্ষোভে ভাষাহীন হয়ে পরেছিলাম,মাসীকে শুধু বলতে পেরেছিলাম,কিছুই হবেনা আপনাদের।আমি রাতেই আসছি পাইকগাছা।
হরিদাস গাইন বাবু,বলা যায় জমিদার পরিবারের সন্তান।পাইকগাছা কলেজ,উপজেলা পরিষদ সহ অনেক প্রতিষ্ঠানের জায়গার মালিক ছিল বাবুর বাবা।পাইকগাছার উন্নয়নে কত বিঘা জায়গা যে বাবুর বাবা দান করেছে তার সঠিক হিসাব বলতে পারবেনা কেউ।সেই বাবু ছিল ছাত্রলীগের অন্তঃপ্রান নেতা।বিশেষ করে মামার রাজনীতির বড় একটা খরচের অংশ চালাত বাবু।তরুণদের মাঝে সবথেকে জনপ্রিয় নেতা বাবু।অনার্স-মাস্টার্স পড়া কালীন পাইকগাছা ছাত্রলীগের মুল শক্তি ছিল সে।সেই বাবুদের প্রায় ৩০ লক্ষ টাকা মুল্যের পৌরসভার ভিতরের একটা জায়গা বেদখল হয়ে যায়।দখলের নেপথ্যে ছিল জেলা ছাত্রলীগ সভাপতি, এম,পি পুত্র,এমপির বড় জামাই,পৌরসভার মেয়র,জামায়াত নেতা রুলু,বিএনপির পৌরসভার নেতা দিপজল মনি।আমি পাইকগাছা এসে অবাক হয়ে দেখলাম রাজনৈতিক মতের মিল না থাকলেও বাবুদের জায়গা দখল ও জমি বিক্রি করে টাকা ভাগ করে নিতে মিলে মিশে একাকার আওয়ামী লীগ,জামায়াত আর বিএনপি নেতারা।শুরু করলাম এক ভয়াবহ শক্তির বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ।বাবুর মা,বোন,বউদি সহ পরিবারের সবাই মিথ্যা মামলায় জড়াতে লাগল একের পর এক।আমরা ছুটে গেলাম জাতির বিবেক বলে পরিচিত সাংবাদিক ভাইদের কাছে।খুলনা প্রেস ক্লাবে একাধিক বার সংবাদ সম্মেলন করলাম।স্থানীয় ও জাতীয় দৈনিক গুলান একের পর রিপোর্ট করতে থাকে বিষয়টা নিয়ে।আমরা পাশে পাই ষোলআনা সমবায় সমিতি যা পাইকগাছার চেম্বার অফ কমার্স নামে পরিচিত,এগিয়ে আসে আইনজীবী সমিতি।কিন্তু কোন ভাবেই কোন কিছু করতে পারছিলাম না।অবশেষে দ্বারস্থ হই জননেত্রী মাতৃতুল্য শেখ হাসিনার কাছে।রাতে নেত্রীর সামনে থেকে শামিম ভাই ফোন দেন এমপি সাহেবকে।শামিম ভাই বাবুদের জায়গা কেন্দ্র করে যে সমস্যা চলছে আমার সাথে এমপি সমর্থিত গ্রুপটার সাথে তা পরেরদিন সকালের মধ্যে না মিটলে নেত্রী তাকে বলতে বাধ্য হবেন,এরকম কথা স্পষ্ট করে জানিয়ে দেন।ঐদিন রাতেই এম,পি সাহেব আমাকে ডেকে জায়গা বুঝে নেবার কথা বলে দেন।উদ্ধার হয় বাবুদের জমি।এ ঘটনায় দুটি বিষয় ঘটে একটি হল বড় একটা ক্ষমতাশালী জোটের সাথে শত্রুতা আরেকটি হল সাধারণ মানুষের প্রত্যাশা ও ভালবাসা।
নানা রাজনৈতিক ঘটনার জন্য গত প্রায় আড়াই বছর পড়ে আছি গ্রামে।রাজনীতির অপসংস্কৃতিকে বিদায় জানিয়ে নতুন প্রজন্মকে সাথে নিয়ে রাজনীতির নতুন ধারা সৃষ্টির স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি।যার ফলশ্রুতিতে প্রস্তুতি নিতে শুরু করেছি দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য।আনুষ্ঠানিকভাবে শুরু করেছি দলীয় মনোনয়ন পাবার কাজ এবং অবহেলিত পাইকগাছা-কয়রা (খুলনা-৬) এর গণমানুষের প্রত্যাশা পূরণের স্বপ্নযাত্রার।দোয়া কামনা করছি আপনাদের সবার।ভাল থাকবেন সবাই।
জয়বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



