মেরিনার হচ্ছে তারা, যারা গভীর সমুদ্রে কাজ করে। তারা মাসের পর মাস পরিবার এবং বন্ধু থেকে দূরে থাকে। তারা বিশ্বের বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। একজন মেরিনার যখন একটা কোম্পানিতে একবার জয়েন করে, তখন সে অনেক বেশী ইমারজেন্সী ছাড়া কখনোই জাহাজ থেকে নামতে পারে না।
বিয়ে হচ্ছে এমন একটা বিষয়, যার মাধ্যমে দুটি হৃদয় এক হয়, এক সাথে তাদের সব কিছু একে অপরের কাছে শেয়ার করে। আজ একজন মেরিনারের বৌয়ের কথা লিখব।
“ অন্য সবার মত আমার বিয়ে হয়নি। আমার বিয়ে হয়েছে মেরিনারের সাথে, ঠিক কি পরিমাণ কষ্ট এবং ত্যাগ করে আমাকে চলতে হয়, তা কেউ জানে না, কখনো বুঝতেও পারে না।
আর সবার মত আমিও প্রেম করেছিলাম একজন সুদর্শন মেরিনারকে। আমিও স্বপ্ন দেখেছিলাম নতুন ঘরের, ভেবেছিলাম নতুন নতুন রেসিপি করে তাকে খাওয়াবো, তার সাথে সুন্দর সময় কাটাবো। যাইহোক, তার সাথে আমার বিয়ে হল, একান্তভাবে কাছে পাওয়ার আকুলতায় আমি বিভোর। কিন্তু বিয়ের ঠিক পরের দিন সকালেই সে আমাকে বলল, “ইমারজেন্সী কল আসছে, আমাকে আজ রাতেই নতুন জাহাজে জয়েন করতে হবে”। সে আমাকে রেখে চলে যায়, আমি একা হই, সবাই আছে, তারপরও মনে হয়, আমার কিছু নেই, আমি একা, আমার মত একা আর কেউ নয়।
দিন যায়, ক্ষণ যায়, সে কোথায় আছে, কেমন আছে আমি জানতে পারিনা। যাওয়ার আগে বলেছিল, সে নাকি ট্যাঙ্কার জাহাজে যাচ্ছে, যোগাযোগ করার সুযোগ আসলে সাথে সাথেই সে আমাকে জানাবে কোথায় আছে, কেমন আছে। আমি তার ফোনের অপেক্ষায় থাকি, ভাবি কবে সে কোনো পোর্টে যাবে, আমাকে একটু ফোন করবে, আমার যে তার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে, খুব জানতে ইচ্ছা করছে, সে কেমন আছে, কি করছে, কিভাবে তার সময় কাটছে।
আমার বাসায় আমি একা, সব কাজ আমাকে একাকীই করতে হয়। মাঝে মাঝে শ্বশুর বাড়ী যাই, কখনো বাবার বাড়ী, কখনো পুরনো কোনো বন্ধুর বাসায়, তবুও আমার একাকীত্ব কাটে না, তাকে ছাড়া আমার কিছু ভাল লাগে না, কোনো কিছুই আমার আর মন ছোঁয় না, একাকীত্ব আমার নিত্য দিনের সঙ্গী। আমি শুধু তার কথাই ভাবি, তার জন্য অপেক্ষা করি, কবে সে আসবে?
আমি বুঝি, অন্য সব মেরিনারের বউয়ের মত আমিও যদি কোনো চাকরি করতাম, তাহলে হয়ত আমার একাকীত্ব কিছু কমে যেত। ব্যস্ততা একটু হলেও আমাকে তার ভাবনা থেকে বিরত রাখত, আমি অন্য সবার মত ভাল থাকতে চাই। কখনো কখনো আমি তার সাথে ভিডিও চ্যাট করি, কখনো ভয়েস কলে অনেক সময় কথা বলি, তার সাথে মেসেজে চ্যাট করি। আমি আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ দেই, যার কারণে তাকে কাছে না পেলেও একটু কথাতো বলতে পারি। তখন মনে হয়, এর চেয়ে বেশী কিছু আমার চাই না, শুধু একটু কথা বলতে পারলেই হয়। আজ কথা বলতে বলতে সে কেঁদেছে, আমার জন্য কেঁদেছে, আমাকে বলেছে “ আমি তোমাকে অনেক ভালবাসি জান, কিছুদিনের মধ্যেই আমি আসব জান, আর তো মাত্র কটা দিন”।
আমি তাই শুনে খুশীতে টগবগ করি, মন জুড়ে ভাল লাগা ছড়িয়ে পড়ে, আমি অপেক্ষা করি, একটা সুন্দর সকালের, একটা সুন্দর রাতের, একটা সুন্দর মুহূর্তের, শুধু তার জন্য”।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


