*আমার প্রথম ব্লগ শুরু করলাম একটি কবিতা দিয়ে*
সাম্প্রতিক সুখের নির্যাতন
===================
ইদানিং মানুষেরা হাঁটে চলে, ঘর-কন্যা,
আসবাবপত্র,বাসন-কোসন, টিভি- ফ্রিজের সুখ নিয়ে।
ইদানিং মানুষেরা ফুটপাতে স্টেশানে বস্তিতে পড়ে থাকে
বিগত রাজা-রাজড়াদের স্বপ্ন নিয়ে - সেই সুখ,
লটারিতে জিতে যাবে লাখ টাকা;
গড়গড়ি যাবে তার সোনার মোহর!
ইদানিং মানুষেরা পড়ে থাকে রমণীর নাভিমূলে
সুখ খুঁজে -আহা সুখ!
অফিস পাড়ায় -শিল্পে- সচিবালয়ে
সুখ স্বপ্নে বিভোর হয়ে মানুষেরা মানুষের সুখ চুরি করে।
মানুষেরা ইদানিং মানুষকে ভালোবাসার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছে
মানুষেরা ভালোবাসাবাসি করে তুলাদণ্ডে সুখ মেপে মেপে।
রাজপথে সুখ বেচাকিনি হয় খুব সস্তা দামে;
ব্যাংকে বীমায় সুখের মূল্যস্ফীতি সম্প্রতি দারুন দারুন ঘটেছে।
আমিতো মানুষ নই-সুখ বিলাসি কোন সৌখিন শিকারী,
সে রকম হলে, জর্জরিত হয়ে যাবো মারাত্মক সুখের নির্যাতনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


