একাত্তর ছিল ঠিক দাবানলের মতো
শুকনো ঘাসে নয় সরাসরি বুকে লেগেছিল আগুন।
বাঙালি জেগে উঠেছিল তখন
শৃঙ্খল ছিঁড়ে ক্ষুধার্ত সিংহের মতন।
রক্ত ঝরেছিল পাহাড়ি নদীর বেগে
থামেনি কেউ আর বাঁধ মানেনি কোনো কিছু
সেই স্রোতে ভেসে ভেসে চূর্ণ হলো
যুগ যুগান্তের দাসত্বের পাহাড়।
মায়ের কান্না ছিল বজ্রসহ কালো মেঘ
তারই গর্ভ থেকে হঠাৎ নামল
মুক্তির তীব্র বিদ্যুৎ
এক ঝলকে জন্ম নিল একটি নতুন দেশ।
শহীদরা ঝরা পাতার মতো ঝরে যায়নি
তারা দাঁড়িয়ে আছে অটল স্তম্ভ হয়ে
যাদের আত্মত্যাগের ওপর ভর করে
আজও টিকে আছে এই লাল সবুজ আকাশ।
বাংলাদেশ কেবল মানচিত্রের রেখা নয়
এ এক আগ্নেয়গিরির জীবন্ত ইতিহাস
যেখানের চাপা আগুন আজও বলে যায়
একাত্তর ভুললে ধ্বংস অনিবার্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


