ভবন নির্মাণের ঠিকাদাররা অভিযোগ করেছেন, চাঁদা না দেয়ায় শনিবার রাতে একদল ছাত্রলীগকর্মী তাদের কর্মচারীদের মারধর করে কাজ বন্ধ করে দেয়।
কাজ বন্ধ করে দেয়ার ঘটনাটি সত্য- স্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ওই কাজটি ছাত্রলীগ নয়, একদল ছাত্র করেছে।
বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশে শেখ হাসিনা হলসহ কয়েকটি ভবন নির্মাণের কাজ চলছে, যা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল’।
ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের কর্ণধার শাজাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি।
প্রশাসনিক কর্মকর্তারা জানান, শেখ হাসিনা হল নির্মাণে বরাদ্দ ১৩ কোটি ৭২ লাখ টাকা। এর বাইরে ১২ কোটি টাকায় জীব বিজ্ঞান অনুষদ ভবন এবং ৬ কোটি টাকায় ব্যয়ামাগার নির্মাণ হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ছাত্রলীগ নেতারা তাদের কাছে চাঁদা চেয়ে আসছিলেন। শনিবার রাতে কাজ বন্ধ করে দেয়।
‘ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল’র ব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগ বরাদ্দের ৩ শতাংশ হারে চাঁদা দাবি করে। তা না দেয়ায় আমাদের শ্রমিক ও কর্মচারীদের মারধর করে কাজ বন্ধ রাখতে বলে যায়।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণ কাজে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করায় সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কাজ বন্ধ রাখতে বলেছে।
“এটা ছাত্রলীগ করেনি। তবে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের এই উদ্যোগকে সমর্থন করে,” বলেন তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের কোনো নেতাকর্মী কোনো চাঁদা চায়নি বলে দাবি করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার বিষয়টি প্রশাসন ও প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ তিনি পাননি।
কাজ বন্ধ করার বিষয়েও কোনো অভিযোগ তিনি পাননি বলে জানান।
সুভাষ দাশ জানিয়েছেন, কর্মীদের মারধর ও কাজ বন্ধ রাখার হুমকির বিষয়টি লিখিতভাবে রোববার চবি প্রশাসনকে জানানো হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি লিখিত কোনো অভিযোগ পাননি।
“আমি বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। কাল (সোমবার) এ বিষয়ে খোঁজ-খবর নেব।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




