মন ভালো নেই
মাহমুদুল হাসান ইমরোজ
বেলা গড়িয়ে প্রায় বিদায়ে
একটি চিঠি লিখব মনের মাধুরি মিশিয়ে,
মনিকোঠায় দীর্ঘদিন আবদ্ধ সেসব কথা,
কথাগুলোও আজ বিক্ষুব্ধ, স্বাধিনতা চাচ্ছে।
আমার অজান্তেই কথামিছিল শুরু হয়,
আর্জিটুকু বেশ কঠিন-
কথাগুলো আকাশের ঠিকানায় উড়ে যাবে, কোনো বাধাই মানবে না।
তরঙ্গরেখার মতো দোল খাবে কথাসাগরে,
নাটাই দিয়ে ঘুড়ির মতো আটকে রাখা যাবে না।
এক এক করে সত্তার প্রতিটি অনুকণাও বিদ্রোহ করল,
ধর্মাবতারের দোহাইও পাত্তা দিল না।
কথাঘটে দেহের প্রতিটি অঙ্গ বিকল হয়ে যাচ্ছে
অম্লকামান থেকে পুলিশ অম্লরস নির্দয়ভাবে
কথাশক্তির বিদ্রোহ দমাতে ছুড়ছে।
প্রচণ্ড আলোড়ন পুরো দেহজগতকে নাস্তানাবুদ করে ফেলল,
এ্যান্টাসিড প্লাসকেও টপকে যাচ্ছে।
অজ্ঞাতসারেই কথাগুলো বেরিয়ে ছুটতে লাগল
হঠাৎ স্বাধীনতাপ্রাপ্তিতে তাদের গতি এখন ভয়ানক।
শুনলাম তারা নাকি আকাশের কাছে যাবে,
ওখানেই তাদের বিদ্রোহী গুরুর আস্তানা।
কত ভয়ংকর, মনরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র!
প্রতিটি অঞ্চলে জিবানু অস্ত্র প্রস্তুত ভয়ানক হামলায়,
বাধ্য হয়েই সমঝোতায় বসতে হচ্ছে।
আমি মনরাষ্ট্রের প্রধান, মহামান্য জন,
শুনলাম তাদের সব অভিযোগ।
হ্যাঁ তাইতো, তাদের অনেক চাওয়া পাওয়া আছে
যুগযুগ ধরেই সেসব থেকে তারা বঞ্চিত।
মিথ্যা আশ্বাস, প্রবঞ্চনায় তাদেরকে ঠকানো হয়েছে,
কোনো এক দুর্বাঘাসের ডগায় জমে থাকা শিশির
চাঁদের আলোর ভণিতায় তাদেরকে প্রজা বানায় স্বর্ণরাণীর।
আকাশে স্বর্ণরাণীর বসবাস তাই কথাগুলো
মনরাষ্ট্রে বিদ্রোহ করে সেখানেই যেতে চায়।
আমি মহামান্য, মনরাষ্ট্রের প্রজাদের চলে যাওয়া
আমার কাছে অতি আপনজন হারানোর মতোই,
একটুও বিভেদ করিনি এবং কখনও।
আকাশরাষ্ট্রের স্বর্ণরাণীকে পেয়ে তারা ভালো থাকুক
মনরাষ্ট্র থেকে চিঠি লিখছি আকাশের ঠিকানায়,
কথাসব হারিয়ে মহামান্যের মন ভালো নেই।
(ঢাকা, ৩১ অক্টোবর ২০১৫)

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



