কেমন আছো আমাকে ছেড়ে?
প্রায়ই ভাবতাম কথাটা।
তোমাকে খুঁজতে গেলাম সেদিন কৃষ্ণচূড়ার নীড়ে।
যেখানে সবুজ মখমলে কোমল ঘাসের ওপর
এখনো ঝরে পরে রক্ত রঙা ফুলগুলো।
যে ফুল আঙিনা একদিন আমাদের ঠিকানা ছিল,
সেখানে আজ নূরা পাগলার আস্তানা।
আমি লোকটার মুখোমুখি গিয়ে বসি।
হাঁটু গেড়ে তার নত মুখটার দিকে তাকিয়ে
শীর্ণ রূপে তোমাকে দেখতে পেলাম।
পাতলা ঝলমলে চুলগুলো অযত্নে কুঁকড়ে গেছে আজ।
গাঢ় নীল পাঞ্জাবীটা বদলে হয়েছে ছেঁড়া কালো কোট।
যে হাতে কদম লুকিয়ে আমার জন্য প্রতীক্ষা করতে,
বাঁশের এক চিকন লাঠি সে হাতের পাশে অযত্নে ফেলে রাখা।
আমি তোমার জীর্ণ কোটটা শক্ত করে চেপে ধরি।
সরু চোখে ঘৃণা মেখে ফিসফিসিয়ে বলি -
পাওনা ছিলে তুমি এমন করুণ পরিণতির।
হলুদ দাঁত আর পান খাওয়া শুকনো ঠোঁটে
নূরা পাগলা খিলখিলিয়ে হাসে।
তর্জনীটা এগিয়ে নিয়ে দূরে হাত বাড়ায়।
সামলে নিয়ে নিজেকে সেই দূরে তাকিয়ে দেখি,
তোমার হাতে একগুচ্ছ লাল গোলাপ।
আর অপর হাতটির সঙ্গী নতুন কোন এক নারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


