
আজ তুমি বদলে যেও চাঁদ।
গোলাপী রক্তিম আভা থেকে
প্রভাতী দিগন্তরেখার রঙে,
একমুঠো বাসন্তী রোদ গায়ে মেখে-
নেয়ে নিয়ো নাহয়
অপরাজিতার বেগুনী নীলে।
অবসান হোক তীব্র প্রতীক্ষার।
কতটা সময় বাঁধা পড়ে রবে
ধৈর্য্য শুভ্র চাদরে!
বেড়িয়ে এসো চাঁদ;
স্বপ্ন আবেশের নিবিড় ঝলকে।
ভুলেও ফিরেও চেওনা অহংকারী সূর্যটার পানে।
যতই ভ্রুকুটি করুক তোমায়-
নিজস্ব আলো নেই বলে,
যতই নিক্ষেপ করুক তোমায়-
শূন্যতার অতল গহবরে;
তুমি ভয় পেওনা চাঁদ।
মুচকি হেসে ফিরে তাকাও।
সাঁতরে ভেসে উঠে এসো।
ভুবনমোহিনী হাসিতে ভরিয়ে তোল দিগন্তরেখা,
রাতের আকাশের চারিধার।
চোখের নোনা বৃষ্টিজলকে কুয়াশার রঙে মিশিয়ে
ভালবাসার তুলিতে ছবি আঁকো।
রঙিন হও তুমি আরেকটি বার।
ভুলেও তুমি ভুলে যেওনা প্রিয় চাঁদ,
শত শত নক্ষত্রের মাঝে -
তোমারও আছে দু'চোখ ভরা স্বপ্ন!
স্বাগতম, প্রিয় রক্তিম নীলাভ চাঁদ।
পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে মোহিত করে তোল
তোমার ভুবনমোহিনী রূপে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




