ভ্রমণ কাহিনী লিখার চাইতে কঠিন হল লেখা শুরু করবো কি দিয়ে সেটা বের করা। বিশাল এক ঝক্কির ব্যাপার। যখন লিখতে চাই তখন আর কিছু মাথায় আসে না। চরম বিরক্ত লাগে তখন। যাই হোক, বেশ কয়েক মাস আগে একটা ভ্রমণ কাহিনী লিখেছিলাম। সেবার গিয়েছিলাম সুন্দরবন বাঘ দেখতে। কিন্তু বাঘের দেখা পাইনি। এবার গিয়েছিলাম সমুদ্র বিলাস করতে সোজা নারিকেল জিঞ্জিরাতে। লোকে এটাকে দারুচিনি দ্বীপ ও বলে আর কি।
সে অনেক কাল আগের কথা, যখন আমি বসে বসে দারুচিনি দ্বীপের ছবি দেখতাম, গল্প শুনতাম আর ভাবতাম ইশ!! আমি যদি যেতাম ওখানে। যাই যাই করে বহু বছরে যাওয়া হয়ে ওঠে নি। মনের ইচ্ছা মনেই রয়ে গিয়েছিলো। তাই এবার যখন যাবার সুযোগ এলো তখন আর রুখবে আমায় কে???
প্রথমে যেদিন যাবার কথা ছিল সেদিন আর যাওয়া হল না, কারন আমার ভ্রমণ কাহিনী শুরুর আগেই হরতাল নামক কুফা যন্ত্রণা শুরু হয়েছিলো। আল্লাহ্ র রহমতে আমাদের বাসে কক্সবাজার যাত্রা করার কথা থাকলেও আমাদের হরতাল মৌসুমের জন্য তা পণ্ড হয়ে যায় এবং অন্য কোন রাস্তা না পাওয়ায় আকাশ পথেই যাবার সিদ্ধান্ত নেয়া হয়।
যেমন ইচ্ছা তেমন কাজ মনে করে আমরা রউনা দিলাম কক্সবাজার এর উদ্দেশ্যে। যাত্রা পথে আমাদের বিরক্ত না করে সাথে ছিলেন সর্বক্ষণ নিজের গল্প নিয়ে ব্যাস্ত বিমান বালা। তিনি পেছনে বসে তাঁর সহকর্মীর সাথে যাবতীয় আলাপ করতেই বেশী ব্যস্ত ছিলেন মনে হয়।
অল্প কিছু সময়ের ভেতরেই আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। প্রায় দীর্ঘ ১৪ বছর পরে আবার কক্সবাজার গিয়ে অন্যরকম এক ভালো লাগছিলো। আমরা যখন পৌছাই আকাশে তখন প্রচণ্ড রোদ। রোদের তাপে চামড়া পুড়ে যাবার অবস্থা। বিমান বন্দর থেকে আমরা আমরা হোটেলের উদ্দেশ্যে যখন রউনা দেই সূর্য্যি মামা তখন তেঁতে উঠেছে মাথার উপর। কোন রকমে হোটেল কক্সটুডের গেইট পর্যন্ত পৌঁছেই হোটেলের সৌন্দর্য দেখে চোখ জুরিয়ে গেলো।
বিকেলে আমরা বের হলাম সাগরের সৌন্দর্য দেখতে। সাগরতীরে খুব বেশী লোকের আনাগোনা দেখা গেলোনা। হোটেলটাও ছিল ফাঁকা। দেশের অরাজক পরিস্থিতিতে খুব বেশী লোক ঢাকার বাইরে যাবার সাহস করতে পারছিলো না। মোটামুটি শান্ত সাগর তীরে বেশকিছু সময় প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে বেশ ভালো লাগছিলো। সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিলো।
পরদিন খুব সকালে এসে বাস হাজির হল টেকনাফ নিয়ে যাবার উদ্দেশ্যে। টেকনাফের উদ্দেশ্যে বাস ছুটে চলল আঁকাবাঁকা পথ ধরে। আমার ধারনা ছিল টেকনাফ বুঝি কক্সবাজার এর সাথেই, কিন্তু টেকনাফ যেতে তো অনেক সময় লাগে। টেকনাফ পৌঁছেই আমরা পেয়ে গেলাম সেন্টমারটিন যাবার লঞ্চ কেয়ারি সিন্দবাদ। লঞ্চ এর উপরে যেতেই দেখি একপাল পোলাপান লঞ্চটাকে তাদের খেলার ময়দান বানিয়ে ফেলেছে। লঞ্চ এর ভেতর খুব ভালো করে খেয়াল করলে দেখা যায় অধিকাংশই নব বিবাহিত দম্পতি। এরা ছাড়াও আছে কিছু অল্প বয়স্ক যুবক আর কিছু পরিবার।
যথা সময়ে লঞ্চ ছাড়ল। লঞ্চ থেকেই দেখা যাচ্ছিলো নদীর পাশের পাহাড় আর অন্যপাশে মায়ানমার বা বার্মা। পুরোটা পথে আমাদের সঙ্গী ছিল একরাশ গাঙচিল। গাঙচিল গুলোর ডানা ঝাপটানো দেখে মুগ্ধ হয়ে যেতে হয় আর কি। পরিষ্কার পানি কেটে কেটে একসময় আমরা পৌঁছে যাই নীল পানি, নীল আকাশ আর অফুরন্ত বাতাসের দারুচিনি দ্বীপ এ। নেমেই আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে ব্যাগ রাখার জন্য। হোটেলে পৌঁছেই আগে গোসল করে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। রোদ কমে এলে আমরা বের হলাম দ্বীপ দর্শন করতে। পুরো সৈকত টা হেঁটে দেখতে অসম্ভব ভালো লাগলো। দ্বীপে মানুষ খুব একটা নেই। সব স্থানীয় লোকজন। কিছু ডাব বিক্রেতা চোখে পড়ে মাঝে মাঝে। প্রবালের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় বহুদূর। একসময় আমরা পৌঁছে যাই আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বাড়ি সমুদ্র বিলাসের কাছে। সেখানে পৌঁছে দেখি সূর্যাস্তের সময় হয়ে গেছে। আমি আর আমার স্বামী দুজনে বসে বসে একসাথে সূর্যাস্ত দেখলাম।
এরপরে একটা ভ্যান গাড়িতে চড়ে হোটেলে পৌঁছে দেখি বিদ্যুৎ নাই। কি যে গরম। হোটেলে হাতমুখ ধুয়ে বের হলাম খাবার সন্ধানে। একটা মাঝারি মানের খাবার হোটেলে ঢুকে দেখলাম নানান নামের, নানান স্বাদের মাছের পসরা নিয়ে বসে আছে হোটেলের লোকজন। গরম গরম ভাতের সাথে টাটকা মাছ ভাজি দিয়ে ভাত খেতে দারুন লাগলো। এর পর অন্ধকারে আমরা বের হলাম সাগর পারে হাটতে। হাটতে হাটতে জেটিতে পৌঁছে গেলাম আমরা। সেখানে বেশ কিছু সময় বসে রইলাম।
রাতে অস্বাভাবিক গরমে প্রাণ যায় যায় অবস্থা আর বাইরে কিছু লোকের চিৎকারের শব্দে ঘুম হারাম করা অবস্থা। খুব ভোরে উঠে দুইজনে গেলাম সাগর পারে। কি নীরব আর নিশ্চুপ চারপাশ। অদ্ভুত বাতাস আর নীলের সমারহ চারদিকে। যতদূর দেখা যায় শুধু নীল আর নীল। জায়গায় জায়গায় কুকুরের পাল ঘুরে বেড়াচ্ছে। দারুচিনি দ্বীপে মনে হয় মানুষের চাইতে কুকুরের সংখ্যা বেশী। বেলা বাড়ার আগেই আমরা হোটেলে পৌঁছে সব গুছিয়ে বেড়িয়ে পড়লাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে।
মাত্র ১০০০ টাকায় একটা স্পীডবোট ঠিক করে আমরা রউনা হলাম ছেড়া দ্বীপের পথে। দ্বীপে পৌছাতে মিনিট দশেক লাগলো। দ্বীপে নেমে দেখি জনমানব শূন্য একটা ছোট দ্বীপ কিন্তু দ্বীপের চারধারে সাগরের দৃশ্য অকল্পনীয় সুন্দর। কি যে ভালো লেগেছে ওখানে বলার মতন নয়। পানিগুলো কি যে স্বচ্ছ। পুরো দ্বীপে একটা ডাবের দোকান ছিল। দোকানি আর তাঁর বউ থাকে। সাথে একটা কুকুর থাকে বডিগার্ড হিসেবে। দোকানে বসে দুইজনে দুইটা ডাব খেয়ে দ্বীপটা ঘুরে দেখে আবার ফিরে এলাম দারুচিনি দ্বীপে। এবার ফেরার পালা। দ্বীপে এসেই দেখলাম টেকনাফ যাবার লঞ্চ এসে হাজির। যথাসময়ে লঞ্চ এ গিয়ে উঠে বসলাম। সেখান থেকে সোজা টেকনাফ । টেকনাফ নেমে বাস এ উঠলাম। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এতো ঝাঁকুনি কি আর বলবো। শরীরের প্রতিটা হাড় ব্যাথা হয়ে গেলো যেন। কক্সবাজার পৌঁছে আর দেহ চলছিলোনা। দুচোখ তখন ঘুমে বন্ধ হয়ে আসছিলো।
পরদিন সকালে ঢাকা ফিরবার পালা ছিল। বহুদিন পর প্রাণ ভরে সাগরের সৌন্দর্য দেখে ক্লান্ত দেহে, ফুরফুরে মেজাজে আবার আমরা ফিরে এলাম আমাদের আপন নীরে।
photo Credit: Nirupam Mustafi
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




