স্রোতের বিপরিতে মন্তব্য করাও বিপদ-
অনেকে বলছে শহীদ রুমি স্কোয়াডের কেউ মারা গেলে দেশে কি হবে শেখ হাসিনার কোনো ধারনা নেই। আমি বলি একজন কেন, অনশনের পুরো টীম ধরে মারা গেলেও বাংলাদেশের রাজনীতিতে সামান্যতম ইফেক্টও পড়বে না। এদেশে হাজার কোটি টাকা তছরূপকারী তস্কর তানভীরের পক্ষে কথা বলার জন্য অর্থমন্ত্রী আছে কিন্তু গার্মেন্টেসে আগুন লেগে ১০০জন মারা গেলেও কারো মাথা ব্যথা নেই।
গনজাগরনের শুরুতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলো, আওয়ামীলীগ এর থেকে ফায়দা লুটার চেষ্টা শুরু থেকেই করে শেষ পর্যন্ত সফল হয়েছে। অন্যদলও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে এখন সরাসরি প্রকাশ্যে বিরোধিতায় লিপ্ত হয়েছে।
বিশ্বজিতকে প্রকাশ্যে কুপিয়ে মারার পরেও ছাত্রলীগের ছেলেদের বাচানোর জন্য স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আপ্রান চেষ্টা করে গেছেন। কিন্তু রাজিব মারা যাওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী তার বাসায় গিয়ে শহীদ হিসেবে ঘোষনা দিয়েছেন। পরবর্তীতে রাজীবের নাস্তিক ইস্যু প্রধানমন্ত্রীকে বেকায়দায় ফেলে দেয়।
বর্তমান সময় নাস্তিক এবং শাহবাগ ইস্যু নিয়ে সরকার কিছুটা বেকায়দাতেই আছে। প্রথম দিকে ড. ইমরানের ২/১টি আল্টিমেটাম বিদ্যুতের মতো মেনে নেয়া হলেও পরেরগুলোতে গা ছাড়া ভাব দেখা গেছে। অর্থাত শাহবাগ থেকে সরকারের প্রাথমিক মধু খাওয়া শেষ, লাগলে পরে আবার দেখা যাবে।
স্মরনশক্তি বিট্রে না করলে জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মুল কমিটি তে শেখ হাসিনার প্রথম দিকে সমর্থন থাকলেও দূর্জনে বলে জাহানারা ইমামের নেতৃত্ব এবং জনপ্রিয়তা হাসিনার পছন্দ হয়নি বিধায় সে আন্দোলন নষ্ট করে দেয়া হয়। সেই জাহানারা ইমামের সন্তানের নামে স্কোয়াড হয়েছে সেই স্কোয়াডের ছেলেরা অনশন করছে তা নিয়ে খুব মাথা ব্যথা শেখ হাসিনার আছে বলে আমার মনে হয় না। মুখ রক্ষায়ও যদি কিছু বলে থাকে সেটিও অবাককর বিষয়ই হবে।
শেখ হাসিনা সংসদে থাকলেও তার মন পড়েছিলো শাহবাগের জাগরন মঞ্চে, সেটি মাস খানেক আগের কথা। সেই একই শাহবাগে কিছু ছেলে জীবনবাজি রেখে লড়াই করে যাচ্ছে মৃত্যুর সাথে। শেখ হাসিনার মন এখন কোথায় পড়ে আছে জানতে ইচ্ছে করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





