ঘটনাটা খুব সত্যি, এবং খুব বাস্তব। বাস্তব, কারণ এই অভ্যাসটা আমাদের সব্বার আছে। একই বিশ্বাসঘাতকের উপর আমরা বারবার ভরসা করি। ব্যবসা করতে পারিনা, তারপরও বাবার পেনশনের টাকা-ধারের টাকা শেয়ারে খাটাই। মাস ঘুরতে না ঘুরতে লস খাই। তবুও দেউলিয়া হয়ে পথে বসার আগ পর্যন্ত আমরা শেয়ার ছেড়ে উঠিনা। একটু একটু করে মারা যাচ্ছি জেনেও প্রতি রাতে মদের গ্লাসটা ঠিকই হাতে থাকে। পদে পদে সবাই সতর্ক করার পরও পাড়ার বখাটে ছেলেটার মিষ্টি কথা কেন জানি বারবার শুনতে ইচ্ছে করে। প্রতিবার বহুত মানত করি-মিলাদ দেই, তারপরও যেই পরীক্ষাটা শেষ হয় সেই আমরা আবার পড়া জমাতে আরম্ভ করি। ঘুম থেকে উঠতে পারিনা বলে প্রতিদিনই নামাজ বাদ পড়ে যায়। কিন্তু কোনোবারই কি আমরা ভুল থেকে কিছু শিখি?
মহাভারতে আছে: যখন দৈব জানতে চাইলো ‘মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি কী’?-ধর্মপুত্র যুধিষ্ঠির তখন ঠিক উত্তরটি দিয়েছিলেন; যে, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি হলো মানুষ কখনও শিখতে চায় না। একই ভুল বারবার করে। এজন্য সাধারণ মানুষ সারাজীবন একটা গন্ডীতেই বন্দী থেকে যায়। আর সফল মানুষরা যে ভুল করেন না তা না। কিন্তু তারা ভুল থেকে শেখেন। যিনি বুদ্ধিমান তিনি জানেন যে সীমালঙ্ঘনের পরিণতি খারাপ হয়, তাই তিনি দ্বিতীয়বার সতর্ক থাকেন। আর যে আহাম্মক, সে ভাবে এবার যেন অলৌকিকভাবে সব ঠিক হয়ে যাবে। এই মরীচিকার আশায় সে বারবার বেলতলা যায়। এবং শুধু যায় যে তা না, খুব গর্বের সাথে সে স্বীকারও করে যে, ‘আমি ওমনই!’ এটা হয় মূলত দুই কারণে: প্রথমত, আমরা সবসময় মনে করি যে নিজেরা ভুলের উর্ধ্বে, আমরা কোনো দোষ করতে পারি না; আর দ্বিতীয়ত, যখন আমাদের ভুলের মাশুল গুনতে হয় তখন অবচেতনে স্বীকার করলেও সচেতনে আমরা বারবার ভুলটাকে ঢাকতে চেষ্টা করি এবং ঐ একটা ভুলকে ধামাচাপা দিতে গিয়ে আরও বহু গন্ডগোল পাকিয়ে ফেলি। ফলে ‘আমি এরকমই’ -এই বৃ্ত্ত থেকে আমরা আর বেরুতে পারি না, একই দুর্দশায় বারবার আমরা নিপতিত হই।
কাজেই একটু চিন্তা করুন। নিজের সাথে নিজে কথা বলুন। যেখানে যেখানে ভুল বোঝাবুঝি বা সমস্যা হচ্ছে সেগুলোর কারণ খোঁজার চেষ্টা করুন। পরিস্থিতির দোহাই না দিয়ে নিজের ভুলটাকে চিহ্নিত করুন। এবং দেখে অবাক হবেন যে, যে স্বভাবটার জন্য বাসায় সমস্যা হচ্ছে, সেটাই আপনার অফিসেও ঝামেলা করছে।
আসলে ভুল করাটা কখনও দোষের না। কিন্তু ভুলের পুনরাবৃত্তি দোষের। যতক্ষণ না নিজের ভেতর থেকে অভ্যাসটাকে বদলাতে পারবেন ততক্ষণ আপনার দুর্দশা কেউ ঘোচাতে পারবেনা, একই ভুলের বৃত্তে আপনি বারবার ঘুরপাক খাবেন। তাই একটা অনুরোধ: আজকের দিনে অন্তত নতুন একটা ভুল করুন!
সূত্র: কোয়ান্টাম মেথড http://quantummethod.org.bd
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





