আজ রোববার ঐতিহাসিক ৭ মার্চ। আজ থেকে ৪২ বছর আগে ১৯৭১ সালের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লাখ লাখ মুক্তিকামী মানুষের উদ্বেলিত মহাসমাবেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই তেজদীপ্ত ভাষণ 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।' এই উচ্চারণের মাধ্যমে বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার চূড়ান্ত আহ্বানটি দিয়েই ক্ষান্ত হননি, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখাও দিয়েছিলেন। বঙ্গবন্ধুর এ ঘোষণা মুক্তিকামী মানুষের কাছে লাল-সবুজ পতাকাকে মূর্তিমান করে তোলে। আর এরই মাধ্যমে বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ আজও বাঙালি জাতিকে উদ্দীপ্ত করে, অনুপ্রাণিত করে। তৎকালীন রেসকোর্স ময়দানে ১০ লক্ষাধিক মানুষের মহাসমাবেশে পাক হানাদার বাহিনীর আসন্ন হামলা প্রতিরোধের প্রস্তুতি গ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু তার
মাত্র ২০ মিনিটের ভাষণে বলেন, 'আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।' পাকিস্তানি শাষক গোষ্ঠীর উদ্দেশে বঙ্গবন্ধু দ্বীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, 'সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ বাঁচতে চায়। বাংলার মানুষ তার অধিকার চায়।' বঙ্গবন্ধুর এ তেজদীপ্ত মুক্তির বাণী শোনার জন্য ওইদিন সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ দলে দলে হেঁটে, বাসে-ট্রাকে-লঞ্চে-ট্রেনে চেপে রেসকোর্স ময়দানে সমবেত হয়। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নারী-পুরুষের স্রোতে সয়লাব হয়ে যায় তখনকার ঘোড়দৌড়ের এই বিশাল ময়দান।
বিকেল সোয়া তিনটায় পায়জামা-পাঞ্জাবি-মুজিবকোট পরিহিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভা মঞ্চে আসেন। জনতা তুমুল করতালি ও আকাশ কাঁপানো করতালির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানায়। বঙ্গবন্ধুও মঞ্চ থেকে হাত নেড়ে জনতার সমুদ্রকে অভিনন্দন জানান। বঙ্গবন্ধু তার ভাষণে বাংলার স্বাধিকার আন্দোলনের রূপরেখা জনতার সামনে তুলে ধরেন। ঘোষণা করেন বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষা। মন্ত্রমুগ্ধের মতো লাখ লাখ বাঙালি শোনেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাল্লাহ।' বঙ্গবন্ধুর ভাষণের মাঝেই শোনা যায় জনসমুদ্রের গর্জন, আনন্দধ্বনি। জনতার কণ্ঠে 'জাগো জাগো-বাঙালি জাগো', 'তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা', 'তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব', 'বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর', 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' সেস্নাগানে সেস্নাগানে ঢাকার আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছিল তখন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু। তার সেই বজ্রনির্ঘোষ আহ্বানে সাড়া দিয়ে মুক্তিকামী জনতা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। মূলত রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই তেজদ্দীপ্ত ভাষণই ছিল ৯ মাসব্যাপী বাংলার মুক্তি সংগ্রামের মূল ভিত্তি। সেদিন বেতার কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা সত্ত্বেও বঙ্গবন্ধুর রেসকোর্সের ভাষণ সরাসরি সমপ্রচার না করার প্রতিবাদে বেতারের বাঙালি কর্মচারীরা তাৎক্ষণিক ধর্মঘট শুরু করেন। ফলে বিকেল থেকে ঢাকা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সমপ্রচার বন্ধ হয়ে যায়। তবে গভীর রাতে তৎকালীন সামরিক কর্তৃপক্ষ ঢাকা বেতারে বঙ্গবন্ধুর রেসকোর্সের ভাষণের পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দেয়। পরদিন সকালে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ দিয়েই ঢাকা বেতার কেন্দ্র পুনরায় চালু হয়। সন্ধ্যায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ন্যাশনাল এলায়েন্স নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আসগর খান সামরিক শাসন প্রত্যাহার এবং অবিলম্বে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, 'সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ২৫ মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে যোগদান সম্পর্কে আওয়ামী লীগ প্রধান রেসকোর্সের জনসভা থেকে যে শর্ত দিয়েছেন তা ন্যায়সঙ্গত উপযুক্ত, সুষ্ঠু ও বৈধ।'
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে বাণী দিয়েছেন।
বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ওই ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ। যার আবেদন আজও অটুট রয়েছে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে সমগ্র বাঙালি জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দিন বদলের সনদ বাস্তবায়ন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হব_ এই হোক আজকের দিনের অঙ্গীকার।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান এবং পত্র-পত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রদান করেছে। এছাড়াও বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


