
হৃদয় আজ কতদিন হয়ে গেল জানিস
তোর বেলি গাছে এখনও কত ফুল ফোটে
তোর শিউলি গাছ শরতে মনের আনন্দে গন্ধ ছড়ায়
তোর বকুল গাছের ফুল দিয়ে
গায়ের ছেলে-মেয়েরা মালা গাথে
আমিও তোর জন্য মালা গাথি
তার কতক শুকিয়ে গেছে
আর কতক এখনও সতেজ আছে
কিন্তু তুই তো এলিনা।
আচ্ছা মানুষ ওপারে গেলে বুঝি
আর ফিরে আসে না?
না আমি বিশ্বাস করিনা
তুই আসবি।
আমি আর তুই গায়ের বিলে নৌকা চালাব
শাপলা তুলব পদ্ম তুলব
গামছায় করে ছোট মাছ ধরব
আম গাছে ঢিল মেরে আম পাড়ব
শালিকের বাসায় হানা দিয়ে তার বাচ্চা ছিনিয়ে আনব।
বিস্তৃত মাঠে দাড়িয়ে
শেষ বিকালের লাল সূর্য মামাকে টা-টা দেব।
চাঁদনী রাতে আমাদের বারান্দায় বসে
চাঁদের সাথে কথা বলব।
তুই বলবি, চাঁদ আমার সাথে কথা বলছে
আমি বলব, না চাঁদ আমার সাথে কথা বলছে।
এমনই করতে করতে দুজন ঘুমিয়ে পড়ব
তুই চলে আয় তাড়াতাড়ি
তুই ছাড়া যে আমি বড়ই এক।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



