নরসিংদী সদর উপজেলার খাটেহারা এলাকায় সোমবার বিকেলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৬ ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ ছিনতাইকারী।
দুপুর আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১১-এর ইনচার্জ কর্নেল মোস্তফা ঘটনাস্থল থেকে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক ব্যবসায়ী তার মোবাইল ফোনে কল করে জানান, তার কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাসযোগে সাতজন সন্ত্রাসী নরসিংদী দিকে যাচ্ছে।
মাধবদী থেকে নরসিংদী যাওয়ার পথে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা জানান, ব্যবসায়ীর দেওয়া খবর পেয়ে ওই এলাকায় টহলরত র্যাব সদস্যরা একটি মাইক্রোবাস দেখে তল্লাশি চালানোর জন্য সেটিকে থামানোর নির্দেশ দেন।
ছিনতাইকারীরা তাদের মাইক্রোবাস না থামিয়ে গাড়ি থেকে র্যাবের উদ্দেশে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে গাড়ির চালক নিহত হন।
এ সময় গাড়ি ভেতরে থাকা সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন।
অবস্থা বেগতিকে দেখে ছিনতাইকারীরা র্যাবের ওপর গুলি চালাতে শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালালে ৫ সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় দু’জন।
নরসিংদী পুলিশ সুপার (এসপি) খন্দকার মুহিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিকেল ৪টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় বলে জানান এসপি।
ঘনটাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ত্রাসীদের সংঘর্ষে র্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।
সুত্রঃ বাংলানিউজ২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


