এক.
তোমার প্রথম স্পর্শ
অধরে আমার
এঁকেছিলো এক জীবন
ধোঁয়ায় সুখ আহরণ।
তোমায় ঘৃণা করতাম।
শপথ ছিলো
করবো না গ্রহণ
ধোঁয়াবিহীন জীবন-যাপন।
ভালোবাসতাম কিনা জানি না।
হয়তো, কারণ-
করেছিলাম গ্রহণ
অসহ্য একাকীত্বের প্রহসণ।
আজও তোমায় ঘৃণা করি;
একটাই কারণ-
শপথের ভাঙন
বিবেকের নিঃশব্দ দংশন।
আবার শুরু ভালোবাসার
তোমার আমার;
সুখকর নির্বাসন
দুঃসময়ের অহেতুক জ্বালাতন।
তুমি ক্ষতিকর ছিলে,
কী ক্ষতি করেছো আমার পাই নি খুঁজে!
পৃথিবীটা আজও ধোঁয়াময়।
তাই বদলে গেছে তোমার সংজ্ঞা,
দূষিত পদ্মা-মেঘনা-যমুনা, গঙ্গা
আজ তুমি মৃত্যু ঘটাও শ্লোগানে মুখরিত
আমিও মৃত্যু খুঁজি, তাই
তোমায় আমি গ্রহণ করি।
দুই.
চাই না ক্লিওপেট্রার মতো এক দংশনের মরণ
নেই হেমলকের প্রয়োজন।
বিষের বিষ তুমি, তিলে তিলে বেড়ে উঠা দেহ
ক্ষয়ে যাক তেমনি।
পরিবর্তিত তোমার শ্লোগান,
পরিবর্তিত এ আমার মন;
তুমি মৃত্যু ঘটাও আর
আমি তোমায় করি গ্রহণ।
==============================
২০০৭ এর ৪৩-তম দিন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


