আজ তোমার জন্মদিন
এ দিনে তোমার আগমন
ভুলিনি
কেননা
তুমি আমার বড়ই আপন।
কতজন জন্মায় প্রতিদিন
কতজনই তো মারা যায়-
এক একটা দিন মানেই তো জীবন-মৃত্যুর খেলা!
তাহলে কোন যুক্তিতে আমরা এমনই একটা দিনে জন্মোৎসবে মেতে উঠি?
মেতে উঠি চরম আনন্দে!
ক্ষণিকের আনন্দে ভুলে যাই এক চরম সত্যকে
অবহেলা করি তাকে-
যে আমাকে গ্রাস করবে যে কোন ক্ষণে
হয়তো বা এখনঃ
মৃত্যু।
এই জন্মদিন তো আমার মৃত্যুদিনও হয়ে যেতে পারে,
পারে না ?
তাহলে তোমরা কিভাবে জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাবে ?
কেন আমি সেদিন মেতে উঠবো অহেতুক আনন্দ-উল্লাসে ?
কেন আমি সে সময়টা ব্যয় করিনা জীবন গড়তে ?
এবং মৃত্যুর জন্যে প্রস্তুত হতে ?
তাই বলি
আমার জন্মদিনে আমি আনন্দ পাই না
পাই না কোন নতুনত্বের ছোঁয়া
পাই শুধুই মৃত্যুর গন্ধ
যে আসবে আমার একটি অসতর্ক মুহূর্তে।
সে কেন আমায় হঠাৎ আঘাত হানবে ?
আমি কি পারিনা সতর্ক থাকতে ?
আমি কেন তাকে বিজয়ী হতে দেব ?
বরঞ্চ তাকে সাদরে গ্রহণ করে আমি বিজয়ী হবো।
তাই উৎসবে মেতে না উঠে আমি প্রস্তুত থাকতে চাই
সে সময়ের জন্য যখন
সে আসবে আমাকে হারাতে কিন্তু হারবো না
চিরতরে হারিয়ে গিয়েও আমি বিজয়ী হবো।
আমারও একদিন ঘটেছিল আগমন
আসবে আবার বিদায়ের ক্ষণ
হয়তো সবাই কাঁদবে তখন।
আজ তুমি করো এ পণ
"বিজয়ী হবো আজীবন"
কেননা তুমি আমার বড়ই আপন।
লড়াই কি শুধুই বেঁচে থাকার জন্য?
তা কি হতে পারে না মৃত্যুর জন্যে?
______________________
কিছু কথাঃ
কবিতাটির মূল শিরোনাম ছিলো ৮ সেপ্টেম্বর। গঠনআঙ্গিক থেকে তেমন একটা জোরালো নয়। তবে ভাবনা তো চরম সত্য। ব্লগিংয়ের প্রথম দিকে একবার পোস্ট করেছিলাম। আজ আবার করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






