
শহর থেকে শহরগুলো যতখানি দূরে,
ভোর থেকে ভোরে
মেঘ উতলা মেঘনা নামের নদী
ততদূর বহুদূর বয়ে চলে যায়,
দেশ দেশান্তরে
ভোর থেকে ভোরে
হৃদয় থেকে হৃদয়গুলো যতখানি দূরে।
তোমার আমার দেখা হল বলে সূর্য আর সূর্য নাই,
বাতাসেও বাতাস নাই। সমস্ত মনভরা গান,
কূলজোড়া ফুল, তারার আলো মরে গেছে প্রায়।
আমরা প্রথম ভালোবাসলাম।
আর ভূবনময় সবকিছু কেমন ফুরিয়ে যাচ্ছে।
ঢেউয়ের অতলে তলিয়ে যাচ্ছে ঢেউ, গাছের পাতা আগুনপোড়া,
মাটির বুক ভেঙে দেশ, মহাদেশ ডুবে যাচ্ছে,
অন্ধকার আর আলো পরস্পর ভুলে গেছে নাম।
তুমি আমি এতো এতো ভালোবাসি তবু
দুনিয়া বন্ধ করে আরও কত বিরহ জমতে থাকে।
হৃদয় থেকে হৃদয়গুলো যতখানি দূরে,
ভোর থেকে ভোরে
মেঘ উতলা মেঘনা নামের নদী
ততদূর বহুদূর বয়ে চলে যায়।
ছবি: রেনে মাগ্রিত
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



