ঢাকা ভিত্তিক বেসরকারি বেতার রেডিও টুডে (এফএম 89.5) আগস্টের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে 24 ঘণ্টার সম্প্রচার কার্যক্রম শুরু করতে পারে। বর্তমানে রেডিও টুডের বার্তা ও অনুষ্ঠান বিভাগ নিজেদের প্রস্তত করতে ব্যস্ত সময় কাটাচ্ছে। বেসরকারি এ বেতারটি গত 8 এপ্রিল থেকে প্রতিদিন সকাল ও বিকালে পরীক্ষামূলক সম্প্রচার করছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে রেডিও টুডেই হবে প্রথম 24 ঘণ্টার লাইভ এন্টারটেইনমেন্ট রেডিও চ্যানেল। শ্রোতাদের বিনোদিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় তথ্য সরবরাহ করাই এ বেতারটির প্রধান উদ্দেশ্য। টুডের ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, লাইভ নিউজ, স্টুডিও থেকে লাইভ ইন্টারভিউ, অন স্পট রিপোর্টিংসহ বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করা হবে। রেডিও টুডে থেকে 24 ঘণ্টার বেশিরভাগ সময়ই প্রি-রেকর্ডেড অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেশি প্রচার করা হবে।
রেডিও টুডে সূত্রে জানা যায়, সম্পূর্ণ নতুন ঢংয়ে বেতারটির বার্তা বিভাগ সাজানো হয়েছে। গতানুগতিক রেডিও চ্যানেলের মতো টুডেতে কোনো খবর পাঠক থাকবে না। রিপোর্টাররাই খবর পাঠকের কাজ করবে। গত 11 জুন রেডি টুডেতে সম্পাদক পদে সাইফুল আমিন যোগ দেন। বর্তমানে টুডের বার্তা বিভাগে 2 জন যুগ্ম-বার্তা সম্পাদকসহ 12 জন রিপোর্টার সাইফুল আমিনের নেতৃত্বে প্রশিক্ষণ নিচ্ছে।
1998 সালে বেসরকারি বেতার প্রতিষ্ঠার জন্য আবেদন করে রেডিও টুডে কতর্ৃপক্ষ। গত বছরের 16 মে বেতার কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন পায়। 2005 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন বেতারটিকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেয়। গত এপ্রিলের 24 তারিখে টুডে কতর্ৃপক্ষের সঙ্গে সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষরের পর এখন সম্প্রচারে আসতে টুডের আর কোনো আইনি জটিলতা নেই। রেডিও টুডের ব্যবস্থাপনা পরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
লাইসেন্স পাওয়ার জন্য টুডে কর্তৃপক্ষকে 20 লাখ টাকা নিরাপত্তা জামানত হিসেবে দিতে হয়েছে। লাইসেন্স ফি বাবদ 5 বছরের জন্য দিতে হয়েছে 5 লাখ টাকা। এছাড়া প্রতি বছর লাইসেন্স নবায়ন ফি বাবদ দিতে হবে 1 লাখ টাকা।
বেতার মিডিয়ার একটি শক্তিশালী মাধ্যম হওয়া সত্ত্ব্বেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো কোনো বেসরকারি বেতার নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে এফএম ব্যান্ড রেডিওর প্রচার সবচে বেশি। সম্প্রতি ভারত সরকার একই সঙ্গে 300 বেসরকারি বেতারের অনুমোদন দিয়ে উদারতার পরিচয় দিয়েছে। এছাড়া নেপালে 25টি এবং পাকিস্তানে প্রায় 80টিরও বেশি বেসরকারি বেতার কার্যক্রম সম্প্রচার হচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




