জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে মানুষকে সর্বশান্ত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এদের প্রতারণার ফাঁদে পা দিয়ে কষ্টে অর্জিত অর্থ হারিয়ে ইতিমধ্যে পথে বসেছে অনেক মানুষ। জ্বীনের বাদশা চক্রের পিছনে রয়েছে বড় ধরণের একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে অতি সুচারু ভাবে মানুষকে লোভের ফাঁদে ফেলে তাদের টাকা পয়সা নিয়ে কেটে পরে। অনুসন্ধানে দেখা গেছে, এই চক্রের সদস্যরা প্রথমে মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে এবং গভীর রাতে তাদের ফোন দিয়ে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দেয়। এর পর ধর্মের বিভিন্ন কথা বলে এবং কোরআন এর আয়াত থেকে তেলাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে বিশ্বাস ধরানোর চেষ্টা করে। এর পর স্বর্ণের মূর্তি, মুক্তা- মানিক সহ মহামূল্যবান বিভিন্ন বস্তর লোভ দেখাতে থাকে। যারা বুদ্ধিমান এবং চালাক তারা বিষয়টি বুঝে উঠতে পারলেও ধর্ম ভীরু, সহজ সরল কিছু মানুষ লোভ সামলাতে না পেরে প্রতারণার ফাঁদে পা বাড়ায়। তথাকথিত জ্বীনের বাদশা প্রথম দিকে মাজারে মোমবাতি, আগরবাতি দেওয়ার কথাবলে ফ্লাক্সির মাধ্যমে টাকা দাবী করে। যারা এই ফ্লাক্সির টাকা দেয় তারাই জ্বীনের বাদশা চক্রের মূল টার্গেটে পরিণত হয়। এর পর হাজার হাজার জ্বীনের জন্য সিন্নি করার কথাবলে মোটা অংকের টাকা দাবী করে । বিনিময়ে স্বর্ণের মূর্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এই কথা অন্য কোন মানব কে বললে বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেয়। এর পর প্রতারক চক্রের সুবিধা মত স্থানে টাকা এবং স্বর্ণের মূর্তি বিনিময় করে। টাকা নেওয়ার পর লাল কাপড়ে মুড়ানো একটা মূর্তি দেওয়া হয়। জ্বীনের বাদশার প্রতারণার স্বীকার নাম প্রকাশে অনিচ্ছুক রংপুরের এক প্রেস কর্মচারী জানায়, প্রতারক চক্রের দেওয়া মূর্তিটি স্বর্ণের মত রং করা হলেও তার মধ্যে একবিন্দু স্বর্ণ নেই। এই মূর্তির বিনিময়ে তার কাছ থেকে ২ কিস্তিতে ৫৬ হাজার টাকা নিয়েছে প্রতারক চক্র।
জানাগেছে, উত্তরবঙ্গের জেলা গুলো বিশেষ করে বগুড়া এবং গাইবান্ধায় জেলায় এই চক্র সব থেকে বেশী সক্রিয়। তুলনামূলক ভাবে উত্তরবঙ্গের মানুষ একটু বেশী সহজ- সরল হওয়ায় এই এলাকাকে জ্বীনের বাদশা চক্র বেছে নিয়েছে। ইতিমধ্যে আইনশূঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এই চক্রের অনেক সদস্য গ্রেফতার হলেও এখন ও তাদের নির্মূল করা সম্ভব হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


