বরিশালে শওকত হোসেন হিরনের বাসায় নেতাকর্মীদের অসম্ভব ভিড়। তিন তলা ভবনের কোথাও তিল ধারণের জায়গা নেই। নিচে খোলা চত্বরেও ভিড় করে আছেন কর্মীরা। বেশির ভাগ কর্মীদের চোখে জল। চিৎকার করে কেউ কেউ কিছু
নেতার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করছেন। মাটিতে বসেও একদল কর্মী আহাজারি করছেন। দোতলায় দেখা গেল হিরনকে। একদল নেতাকর্মীর ভিড়ে চুপচাপ বসে আছেন। কোন কথা বলছেন না। নেতারাও চুপ। একবার মুখ তুললেন তিনি। চোখে জল। এ দৃশ্য দেখে অর্ধশত কর্মীর চোখেও জল এলো। কেউ কেউ কেঁদেও ফেললেন। একপর্যায়ে নিচে থেকে কর্মীদের উত্তেজনার আভাসও মিললো। শওকত হোসেন হিরন নিজে উঠলেন পরিস্থিতি সামাল দিতে। কর্মীরা ভবনের ভেতরে কোন কোন নেতার অবস্থান সহ্য করতে পারছেন না। এসব নেতা নির্বাচনের দিন যে ভূমিকা নিয়েছিল তার সমালোচনায় মুখর। এক কমিশনার পদপ্রার্থীকে তো ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান প্রকাশ্যে গালাগাল করলেন। পরিস্থিতির অবনতি রোধে হিরন নিজে নিচে এসে সবাইকে বোঝালেন। একপর্যায়ে তিনি আফসোসের স্বরে বললেন, কর্মীদের দোষ দিয়ে কি হবে? আমার নেতা আবুল হাসানাত অবদুল্লাহ ও তার পরিবারের যে ভূমিকা তাতে না হেরে কি উপায় আছে? বললেন আমার টাকা দিয়ে তার শ্বশুরালয়ে বসে আনারসে ভোট দেয়ার জন্য কর্মীদের উদ্বুদ্ধ করেছে এটি আমার জানা আছে। আগৈলঝাড়ার সেরালে বসে বিদ্রোহী প্রার্থী মামুনকে মনোনয়ন প্রত্যাহার না করার জন্য চাপ দিয়েছেন সেটি সবার জানা। তাই অন্যকে দোষ দিয়ে কি হবে?
হিরনের এ আর্তনাদ এখন দলের সব নেতাকর্মীর মধ্যে। নির্বাচনের প্রথম থেকেই হাসানাতের ঐক্য নিয়ে সন্দেহ দানা বাঁধে। পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখিও হয়। সন্দেহ দৃঢ় হয় যখন কোন অবস্থায় বিদ্রোহী প্রার্থী মাহামুদুল হক মামুনকে বসানো যায়নি। বিভিন্ন টিভির মুখোমুখি অনুষ্ঠানেও মামুন হিরনের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। নির্বাচনের দিন আনারসের আহসান হাবিব কামালের পক্ষে সরোয়ার দিনভর ছোটাছুটি করলেও হাসানাত ছিলেন অনুপস্থিত। আর এর সঙ্গে হাসানাতের কর্মী বাহিনীর বিরুদ্ধেও আনারসের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে হিরন মেয়র নির্বাচিত হলে হাসানাতের সঙ্গে বিরোধ শুরু হয়। এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসানাত কখনোই চাননি বরিশালে কেউ একজন এমপি বা মেয়র হন। কেননা তিনি বরিশালের একটি উপজেলার সংসদ সদস্য ছিলেন। বরিশালে আওয়ামী লীগের কেউ এমপি বা মেয়র হলে মহানগরীতে তার কর্তৃত্ব থাকে না। আর ২০০৮ সালে হিরন যখন মেয়র হন তখন হাসানাত দেশে ছিলেন না। তাই বিরোধিতাও হয়নি। এরপর ৫ বছরে একাধিক সংঘর্ষে লিপ্ত হয় হিরন ও হাসানাত সমর্থকরা। এবার যখন হিরনের পাশে এসে দাঁড়ান হাসানাত তখনই অনেকে চোখ বড় করেছিলেন। আশঙ্কা ছিল এ ঐক্য টিকবে তো। আর হিরনের গতকালের কথায় স্পষ্ট হয়ে গেছে আসলে ঐক্য কখনওই ছিল না।
সুত্রঃ মানবজমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




