নৈঃশব্দে'র মন্ত্রে আমি গিলে ফেলি আজ
নীলাভ যত যাতনা ।
বিকৃত বাসনার দাবী নিয়ে প্রস্ফূটিত ওরা
ওদের লাল টক-টক জিভ দেখে
আমি ভয়ে গুটিসুটি হয়ে থাকি ,
ভীষণ গুটিসুটি ।
কেঁপে কেঁপে আমি বুকের ওড়না টানি !!
থমথমে গলি ,আমি সন্তর্পণে পা ফেলি
এই বুঝি নর্দমার কীটগুলো সজাগ হলো!
বিদঘুটে মনোরঞ্জনে ওদের কাল থাবা ওত পেতে থাকে
ত্রস্ত হরিনীর মতো শিকারীর গন্ধে আমি
নিরুপায় হয়ে কাঁদি
ভীষণ কাঁদি !
আমার অসাড় শরীরে দাগ কেটে যায় ওরা বিষাক্ত নখে
নির্বোধ সমাজ হাত বাড়ায় প্রবোধের প্রলেপে
আমি বাধ্য হয়েই হাসি --আবারো হাসি !
মুক্তি চেয়েছি --বাঞ্চিত মুক্তি ,
হুম মুক্তি !
হিমঘরে আজ হিমায়িত অনুভূতি
জাতীয় দৈনিকগুলোতেও শিরোনাম হয়েছি ।
এভাবেই কিছুদিন –কিছু মাস
কিছু বছর –কিছু যুগ
যুগ থেকে যুগ ----------।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




