
তোমার অবিস্তীর্ণ প্রাসাদে কি আদৃত হয়েছে কখনও আমার সরল বিসর্জন?
আমি যে জানি, সারশূন্য তোমার হৃদয় নদী!
গণিকা'র বারে কাটে যার ছন্দময় রাত্রি; প্রগাঢ় চুম্বনের রেখা আঁকা থাকে তোমার চোখের দেয়ালে
কোন এক প্রেমিকা পরাস্ত হয়ে যায় উপেক্ষার দাপটে
নিঃসঙ্গ ব্যথায় লুটোপুটি খায় যুগল প্রেমের প্রতিশ্রুত পাণ্ডুলিপি!
জলাদিপ যদি ফেঁপে উঠে কখনো- উঠুক!
কখনো যদি জ্বালামুখ দিয়ে নির্গত হয় লাভা-হোক!
পথভুলো কোন পথিক যদি এসে দাঁড়ায় শিরীষের তলে
আমি শার্সি খুলে দেবো দ্বিধাহীন আবেশে; যদি সে হাত বাড়ায় সায়ন্তের ক্লান্ত ক্ষণে
অমার্জিত পাপ; হয়ত তুমি বা তোমরা বলবে অমার্জিত পাপ!
মিহিন স্নিগ্ধতায় রুয়ে দিয়ে যাব, তোমার বাগিচায় যত সব শোধ-বোধের বীজ!
জেনো, সেদিন কিন্তু বিশ্বাসহন্তা'র কালিমায় লেপ্টে যাবনা আমি
তোমার প্রতিবিম্ব আমি তোমাকেই দেখাবো!
দিনান্তে ঠিকই প্রদীপ জ্বালাবো দেবতার চরণে; জানতে চাইবো শুধু নিবিড় প্রার্থনায়
বোলতা'র হুলে তুমি কতটা নীল হলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

