কবিতার চরণে দূর্ভেদ্য শব্দরাজির আনাগোনা
জটিল সমীকরণ, গোলক ধাঁধা মাত্র
অভিধান ঘেঁটে সমাধানের চেষ্টা
আসলের ভিতর রহস্যময়ের প্রাচীর
হযবরল একমূর্তিতে আত্মসমর্পণ
কাঠিন্যে বাঁধা নিস্প্রভ কবিতা।
আমি মাটি আর মানুষের হতে চাই
সহজ,সরল সমীকরণ খু্ঁজি তাই
এঁটো সোঁদা বৃষ্টিতে ঘ্রাণ নেই জীবনের
কাব্যিক পরমানন্দে।
একেবারে পথে কুড়ানো পংক্তিতে বুনি
জীবনের ফেলে আসা অতীত, বর্তমান
আমি সাধারণের কবি হতে চাই।
নিশ্বাসে সজীব গাছদের ঘ্রাণ যেন
বিশালতায় আকাশ, তারার সাক্ষী
নদীর বুকে ঢেউ খেলানো নৌকো
একেবারে সাধারণ চড়বে তাতে।
জোছনায় পাটি পেতে গল্প শোনাব
কিশোরীর হাতের কাঁচের চুড়ির শব্দে
মগ্নতাকে সাক্ষী করে কাশফুলে হাঁটব।
আমি সাধারণের কবি হব
দূর্ভেদ্য জগৎ আমার নয়।।
১৪/৬/২০২০
পল্লবী, ঢাকা
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



