আমাকে যদি ভালবাস
তবে
সকাল বেলার চায়ের সাথে
একটা বই দিও।
আর দিও একটু নির্জনতা
সাথে এক তোড়া ফুল দিতে পার
নতুবা একটা বাগান বানিয়ে দিও।
বাগানে থাকবে অনেক প্রজাপতি
রঙ বেরঙের ফুল।
পুরো পরিবেশ হয়ে যাবে আরন্যক।
আমাকে যদি ভালবাস
তবে
শীতের উষ্ণতার সাথে
একটা বই দিও।
বইয়ের মলাটের ভাঁজে
আমি খুঁজে নেব বসন্তের ঘ্রাণ।
আমাকে যদি ভালবাস
তবে
বাঁধতে হবে না
বুনো ষাঁড়ের চোখে লাল কাপড়
হতে হবে না গ্লাডিয়েটর
পাড়ি দিতে হবে না সাত সমুদ্র তেরো নদী
বিশ্ব সংসার তন্ন তন্ন করে
খুঁজে আনতে হবে না একশ আটটি নীল পদ্ম।
শুধু
খুঁজে দিও
একটি বই
বইয়ের প্রতিটি পাতায় খুঁজে নেব আমি
অগ্রানের ঘ্রাণ।
আর যদি ভাল না বাস
তবুও শুধু
একটা বই দিও
আমি দূরে থাকব তোমার কাছ থেকে।।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



