পদের মেয়াদ শেষ হয়েছে বলে দাবি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
বুধবার ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই নোটিসটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মির্জা আল মাহমুদ।
নোটিসে কোন কর্তৃত্ব বলে দুদক চেয়ারম্যান পদে আছেন তা জানতে চাওয়া হয়েছে। নোটিস পাওয়ার দুদিনের মধ্যে দুদক চেয়ারম্যানকে পদ থেকে সরে যাওয়ারও অনুরোধ করা হয়েছে।
নোটিসের জবাব না দিলে ও পদ থেকে সরে না গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিসে বলা হয়।
এতে বলা হয়, ২০০৯ সালের ৩০ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোলাম রহমানকে কমিশনার পদে নিয়োগ দেন। ২০০৯ সালের ২ মে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
নোটিসে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন আইনের ৬ (৩) এ বলা আছে, কমিশনারগণ তাদের নিয়োগের তারিখ হইতে চার বছর মেয়াদের জন্য স্বপদে অধিষ্ঠিত থাকিবেন। ২০০৯ সালের ৩০ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ২০১৩ সালের ১ মে গোলাম রহমানের চেয়ারম্যান পদে থাকার মেয়াদ পেরিয়ে গেছে।
এতে আরো বলা হয়, চেয়ারম্যান পদের দিন গণনা কীভাবে হবে তা জানতে ২০১০ সালের ৩১ আগস্ট দুদকের সচিব মন্ত্রিপরিষদ সচিবের কাছে মতামত চায়। পরবর্তীতে ওই বছরের ২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে মতামত দেওয়া হয়, ২০০৯ সালের ২৪ জুন তার দায়িত্ব গ্রহণের দিন থেকে সময়কাল গণনা করা হবে।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



