"এই যে শুনছেন?"
বিকেলবেলা আমার একটু ঘোরাঘুরি করার অভ্যাস আছে। তো ঘুরতে ঘুরতে একটা মার্কেটের সামনে এসে দাঁড়ালাম। অন্যমনস্ক হয়ে কি যেন একটা চিন্তা করছিলাম। আচমকা এক সুন্দরী ললনার ডাকে ভাবনায় ছেদ পড়ল। পরক্ষনে পেছনে ফিরে দেখি এ যে সাক্ষাত হুরপরী। তবে প্রথমে আমার সন্দেহ হচ্ছিল সত্যি সে আমাকে ডাকছে কিনা। আশেপাশে তাকিয়ে দেখি আর কেউ নেই।
"এই যে আপনাকে ডাকছি শুনতে পাচ্ছেন না? এদিক-ওদিক কি দেখছেন? ভয় পাচ্ছেন নাকি?"
"ভয়? ভয় কেন পাব?"
"তাহলে মুখটা অমন শুটকী মাছের মতো করে রেখেছেন কেন?"
"না মানে কিছু বলবেন?"
"বলার জন্যই তো ডেকেছি। এখন বলুন যাবেন?"
"যাবো মানে কোথায় যাবো?"
"কোথায় আবার শিশুপার্কে!"
"ওখানে কেন?"
"কি আশ্চর্য আমি যেতে চাইছি তাই!"
"আমাকেও যেতে হবে?"
"আপনি না গেলে কে যাবে?"
"আপনি তো আমাকে চেনেন না। তারপরও আমাকে নিয়ে যাবেন?"
"উফ! কি ঝামেলা! এর আগেও তো কতবার অচেনা লোকের সাথে গিয়েছি। কেউ কি আমার পরিচিত ছিল নাকি?"
"আচ্ছা ঠিক আছে এতো করে যখন বলছেন তখন চলুন!"
"এখন বলুন ভাড়া কত?"
"ভাড়া?"
"হুম! কেন ভাড়া নেবেন না?"
"আমি কিসের ভাড়া নেব?"
"আজব লোক তো আপনি। আপনার ট্যাক্সি করে যাবো আর আপনি ভাড়া নেবেন না? বুঝতে পেরেছি। সুন্দরী মেয়ে দেখলে এমন করেন তাই না?"
মেয়েটা বলে যাচ্ছিল আর আমি হা করে শুধু শুনছিলাম। ঘোরাঘুরি করতে করতে কখন যে ট্যাক্সির গায়ে হেলান দিয়ে দাড়িয়েছিলাম টেরই পাইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






