প্রথম যেদিন কিং খালেদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রশস্ত রাস্তা ধরে সাঁ সাঁ হাওয়া কেটে গাড়ি ছুটে যাচ্ছিল , আর আমি দ্রুত পৌঁছে যাচ্ছিলাম নতুন জীবনের ফটকে,কাকতালীয়ভাবে সে সময়টা ছিল সূর্যোদয়ের । নতুন দিনের উদিত সূর্যের কাঁচাসোনা রোদের পানে তাকিয়ে বলেছিলাম-'নতুন সূর্যোদয়, নতুন জীবন!'
সেই নতুন জীবন এখন পুরোনো হয়েছে । নতুন জীবনের বয়েস বেড়ে হয়েছে প্রায় (এ লেখা পর্যন্ত) ২৩৭০ দিন (প্রায় ছয় বছর সাত মাস)! পুরানো বিবিতে নাকি বিতৃষ্ণা জন্মে । বিবাহিত নই বলে এ বিষয়ে অজ্ঞতা স্বীকার্য (বিবাহিত ভাইরা ভাল বলতে পারবেন) । কিন্তু এ-প্রবাস জীবনের প্রতি আমার বিতৃষ্ণা জন্মে গেছে, এ কথা আমি নিশ্চিত বলতে পারি । কেন, কি কারণ ? হাজারটা কারণ দেখানো যায় । একটা কারণ বলি শুধু । সে মূল কারণটি হচ্ছে-স্বদেশ । এই উন্নত দেশে উন্নত জীবন-যাপনের সব সুযোগ সুবিধে সাজিয়ে রাখা হয়েছে । মেধা আর বুদ্ধি খাটিয়ে শুধু সুযোগটাকে গ্রহণ করতে হবে । কিন্তু যে কথাটি বিস্মৃত হবার নয়,তা হলো, এই উন্নত দেশ, আমার দেশ নয় । আমি এখানে বহিরাগত । ভিনদেশী । আমার দেশ গরিব । আমার দেশ অনুন্নত । এই দেশ যে আমার দেশ নয়,সেটা এ-দেশীয়রা সুযোগ পেলেই আমাকে, আমাদেরকে বুঝিয়ে দেয় । স্মরণ করিয়ে দেয় । এদের আচরণ দেখে (বেশীর ভাগ ক্ষেত্রে) মনে হতে পারে,আমরা মানুষ নই । মানুষ হিসেবে এ ধরাধমে আসার কথাও ছিলনা আমাদের ! ভুল করে মানুষের পৃথিবীতে নেমে এসেছি আমরা !
তাই,যদিও দেখতে পাই,আমার স্বদেশে গ্যাসের খনি পুড়ে বিলিন হয়ে যায় ! বন্যায় উজার হয়ে যায় গ্রাম, গ্রামের ধানক্ষেত ! আমার স্বদেশে প্রতিদিন একজন হলেও মানুষ খুন হয় ! প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সম্ভ্রমহানী হয় কোন নারীর ! প্রতিদিন লোডশেডিং হয় ! প্রায় প্রতিক্ষণে ক্ষেতে হয় মশার কামড় ! তবুও মনে হয়-'সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি !'
এমন নৈসর্গিক সৌন্দর্যের দেশ পৃথিবীতে আর একটিও আছে কোথাও ?
আমার দেশের শাপলা আর বুক পানিতে ডুবে শাপলা তোলা কিশোরী কোথাও নেই । পুকুর ভরা মাছ আর মাছরাঙ্গা কোথাও নেই । বর্ষার অঝর ধারার বৃষ্টি আর বর্ষার কদম নেই কোথাও। বৃষ্টির পানিতে ভাসিয়ে দেয়া কোন এক কিশোরের কাগজের নৌকো নেই । দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের হাতছানি নেই । নেই দোয়েল,কোয়েল আর বলাকার ঝাঁক ! বসন্তের কোকিল নেই। কুল কুল বয়ে চলা স্রোতস্বিনী নদী আর গাঙ্গচিল নেই । সর্বোপরি, নেই বাংলার সেই চির মমতাময়ী মায়ের মুখ । এতসব নেই-এর মাঝে আছি । আমার 'আমি' ভাল নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






