দৃশ্যপটঃ ১
সকাল ৭টা ।
নীলফামারির আংগারপাড়া গ্রামের মেঠোপথের ধারে একটা বেশ নীচু জমিতে ..বাঁশের বেড়া আর টিনের ছাদের “ গুড মর্ণিং কিন্ডারগার্টেন স্কুল । স্কুলের ক্লাসরুমের দরোজাগুলো তালাবন্ধ।
কিন্ডারগার্টেন এর সামনে মাটির উঁচু রাস্তায় তরুণ এক বাবা তার সাইকেল থামালো। সাইকেল থেকে নামল তার ৫ বছরের শিশুকন্যা । বাবা কি যেন বোঝাচ্ছে তাকে । সাইকেল থামিয়ে বাবা এবার মেয়ের হাত ধরে স্কুলের নীচু জমিতে। স্কুলের বন্ধ দরোজার সামনের ছোট্ট সিড়িতে মেয়েকে বসিয়ে দিল । বাবা রাস্তায় উঠে সাইকেলের প্যাডেলে পা রাখতেই মেয়ে দৌড়ে উঠে এল রাস্তায়। তার ভয় করছে। আশেপাশে লোকজন নেই । বাবা মেয়ের হাত ধরে নামিয়ে দিয়ে আসে স্কুলের বন্ধ দরোজার সিঁড়িতে ...বাবা রাস্তায় উঠতেই..মেয়ে কাঁদতে কাঁদতে চলে আসে রাস্তায়..আর বাবা বোঝাতে থাকে । এরকম ঘটল তিনবার । চতুর্থবারে বাবা বুঝি সফল হলেন।
মামাতো ভায়ের করলা ক্ষেত দেখতে ...তখন আমরা ঐ রাস্তায় ...একটু দুরে থেকে দেখছিলাম ঘটনা কি দাঁড়ায়। মেয়ে রাস্তায় দাঁড়ানো।বাবা একবার ও পিছু না ফিরে দ্রুত সাইকেল নিয়ে চলে গেল। এবার মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম আমরা.. তখন তার দুই চোখে দুই জলের ধারা ..গঙ্গা যমুনা । আমার মা জিজ্ঞেস করলেন ..তোমাদের বাড়ী কতদূর ..বলল কাজীর হাট ..কদ্দুর হয় এখান থেকে..? ৪ কিলোমিটার ..স্কুল শুরু হবে কখন? সাড়ে আটটায় ...সকালে কি খাইছ?..ভাত ..আমাদের সাথে চল হাঁটি ..স্কুলে বাচ্চারা আসলে তোমাকে রেখে যাব..মাথা নাড়লো ..যাবেনা । এত সকালে আসছো কেন? ..বাবা চাকরি করে ..আটটায় তার ডিউটি শুরু ..বাবার সাথে আসলে সাইকেলে করে আসতে পারে । ফিরবা কিভাবে? ..হেঁটে..অন্য মেয়েদের সাথে । সব কথার জবাব কাঁদতে কাঁদতেই দিচ্ছে মেয়ে...মাথায় চুপচুপ করছে তেল তেল আর চোখের পানি এক হয়ে যাচ্ছে। গায়ে মলিন এক জামা। মায়া হল ...আবার অনুরোধ করলাম ..চল আমাদের সাথে হাঁটি ..না যাবেনা সে..তার চোখ পথের দিকে..এ কি বাবা টা ফিরে আসছে কেন? হাতে একটা লাল কলম ..মেয়েটার হাতে দিতেই ...জলভরা চোখে মেয়ের মুখে-চোখে উজ্জল হাসি। থাকো মা...যাই..।
আমি থামালাম বাবাকে। ..এত সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে যাচ্ছেন..কেন? ..কি করবো বলেন , বন্ধের পর আইজ প্রথম স্কুল খুলছে.. উপায় নাই ১৫ কিলোমিটার যাব ..আজকে আমার মেলা দেরী হয়ায় গেল..কোথায় চাকরি ? ইপিজেড, নীলফামারী ...কথাটা মিলিয়ে গেল বাতাসে। ...মেয়ে কলমটা দিয়ে হাতের তালুতে আকঁতে আকঁতে নীচে নেমে বসল স্কুলের দরোজায় । খুব সন্তুস্ট দেখাচ্ছে তাকে । সাড়ে সাতটা বাজে এখনো কেউ আসেনি..। আমার মা বলছে ..দেখিস ও একটু ও ভয় পাবেনা..এরা প্রতিদিন এভাবেই......
দৃশ্যপট ঃ ২
সকাল সাতটা চল্লিশ
আমরা তখন ক্ষেত থেকে করলা তুলছি..গতপড়শু বাজার দর ছিল মণ নয়শো টাকা । কাল হঠাৎ সাড়ে পাচঁশো..আজ নাকি সাড়ে সাতশো..এগুলা নাকি পাইকারদের কারসাজি..
মেয়েটার কথা মনেই ছিল ..এখনো কি একাই বসে আছে নাকি মেয়েটা ?
এর মধ্যে রাস্তায় দেখি বেশ কটা সাইকেল । সবগুলোর আরোহী ই বালিকা । পরনে ইউনিফরম। সবাই শাঁশাঁ করে মেইন রোডে চলে গেল। এদের স্কুল বোধহয় আরো দূরে। পেছনে আরেক বালিকা ৬/৭ বছর বয়স হবে। বড় সাইকেলে সে প্যাডেল নাগাল পাচ্ছেনা । পা দিয়ে ঠেলা দিচ্ছে আর প্যাডেল একা ফিরে আসছে ..এভাবে চলছে সে। সামনে আরেক সাইকেলে তার দাদা। কিযেন বলল নাতনীকে..সাবধানবাণী হয়তো..কিন্তু পিছনে ফিরে তাকালোনা। ধবধবে সাদা চুলের দাদা চলে গেল বড় রাস্তায় । নেড়ামাথা , সাদা জামা, বয়সের তুলনায় লম্বা পায়ের..ফরসা রঙের মেয়েটাকে স্মার্ট লাগছিল দারুণ। সে থামল গুডমর্ণিং কিন্ডারগার্টেনের সামনে । সাইকেল নামাল , দাঁড় করালো , লক করল আর চাবি রাখল সাদা জামার পকেটে। ব্যাগ থেকে বের করলো একটা খাতা ..আর গিয়ে বসলো আগের সেই মেয়েটার পাশে। আমি কি ভুল দেখছি? এটা কি নর্থ ক্যারোলিনা বা কেরালার কোনো স্কুলের সামনের দৃশ্য?
দৃশ্যপট ঃ তিন
সকাল আটটা
সৌরভের ছয় চলছে । স্কুলে যাবে। গুডমর্নিং কিন্ডারগার্টেন এর ওয়ান এর ছাত্র সে। ও স্কুলে যাচ্ছে বাড়ীর কেউ মনে হয় জানেইনা। রান্নাঘরে রুটি সেঁকা হচ্চে। সৌরভ দৌড়ে দৌড়ে গরম রুটি সংগ্রহ করছে । দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিঁড়ে বা পোটলা করে মুখে ঢোকাছ্ছে। শুধু রুটি । নো সেমাই নো ডিমভাজি বা ঝোল । বারবার রুটি সংগ্রহ আমার চোখে পড়েছে দেখে ওর বাবা যেন একটু লজ্জিত। ও খুব রুটি পছন্দ করে আপা ...খেয়াল করছেন এর মদ্যে ৪টা রুটি প্যাটোত চালান করি ফেইলছে। আমি ভাবছিলাম শুকণা রুটি বাচ্চাটার গলায় আটকে না যায়। সম্ভবত একই কথা ওর বাবা ভেবে সৌরভের পিঠে এক থাপ্পর দিয়ে বলল -যা পানি খায়া আয়...মুহুর্তে উবে গেল কোথায় বাচ্চাটা? ..ও আল্লা ..টিউবওয়েলের মুখে মুখ লাগিয়ে পানি খেয়ে চলে এসছে । কাঁধে ব্যাগ । সাড়ে আটটা বেজে যাচ্ছে ... শনপাপড়ি কেনার জন্য বাবার কাছে ২টাকার একটা নোট বামহাতে নিয়ে উর্ধ্বশ্বাসে দৌড় লাগালো বাঁ হাতি বোলার ..সৌরভ । স্কুলের আর দেরী নাই .......
শেষকথা ** ওদের জীবনে আইপড আসেনি ..আইফোন আসেনি...হয়তো কোনো আইডল ও নয়....তবু লেখাপড়ার জন্য ওদের এমন সংগ্রাম আশা জাগায়..ওরা জিতবে ই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


