ঘামের চেয়ে রক্ত সুলভে পাওয়া যায়,
তবুও রক্ত দিয়েই মাটি কিনতে হয়েছিল!
আটতলা স্যান্ডোইচ, দুটো কাটাচামচও তৈরী
ঘ্রাণটা বড্ড বাজে আসছে? কত্ত বড় সাহস!
পচা নরমাংসেও মানিয়ে নিতে হবে, সব খাবো।
জমাট বাধা রক্তের সসটাও চলবে,
‘এই কাটাচামচটা ধুয়ে নিয়ে আসো তো’
চক্রবৃদ্ধি মুনাফা দরকার, মুনাফায় ত্বরণ চাই।
প্রতিস্থাপন বিক্রিয়া করেছি, মুনাফা দরকার
মুনফায় চক্রবৃদ্ধি হারে কয়লা হওয়া লাশ দরকার
হাড়-মাংস এক হয়ে যাওয়া লাশ, অন্য পথ নেই।
ওদিকে মঞ্জিলে বিম-কলামের হিসাবের কড়াকড়ি
শ্রমিকের কফিন ছাড়া প্রাসাদের স্তম্ভ টিকবে না,
‘এই কফিনে পেরেক ভালো করে ঠুকে দাও’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


