আলো অন্ধকার মেশানো ধূসর মহাকাল
তোমার জৈষ্ঠ্যের সকালে সিগারেট ঠোটে প্রাতঃভ্রমণে যাই
কার্বন সিক্ত কালো হৃদয়ে সবুজ হাওয়া খাওয়াতে চাই।
ফুটপাতে হোক পার্কের পাথুরে বেঞ্চিতে
প্রেমিকার তৃষ্ণার্ত আঙ্গুলও খুজি না,
চোখের চাওয়ায় নাকি তৃষ্ণা মেটে
ফের অন্ধকারের সুখ হাতড়াই লাল আলোর বেশ্যালয়ে হেটে।
সুকন্যার কেশের ঘ্রাণে দিগ্বিদিকহারা আমি
বীর প্রেমিকের সাথে বিতর্কে পরাজিত হয়ে অঝোরে কাদে হাসনাহেনা
হেসে ফেলে শেষমেষ,
রাগ ভাঙ্গাতে তুলতুলে প্রেমিকার জন্য দামি ফুল কেনা।
হে মহাজীবন,
লাল মাটির মেঠোপথের বুকে পীচঢালা মহাকাল
তুমি এমন অভিনয় পছন্দ কর বুঝি!
আমাকে মুক্তি দাও, চরিত্রে বড্ড ব্যর্থ আমি, বেহাল
পথের ধার পড়ে থাকা কালচে সবুজ দুটো ঘাসের ডগায়
দু’ফোটা শিশির হয়ে থাকি, এই ভাল।
৩০/৫/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



