যে মেয়ে সারা জীবন সুঁইয়ের ভয়ে নাক ফুটালো না,
তার নাক ফুলের এত শখ যে আমার হাত ছুঁয়ে একদিন
বলেই ফেলল, "আমাকে নাকফুল কিনে দেবে?"
আমি হা হা করে হেসে ফেললাম, "পরবে কেমন করে?
তোমার না সুঁই সুতায় ভীষন ভয়?"
লাজুক একটা হাসি দিল মেয়েটি, "কেউ একটা নাকফুল
একটু সাধ করে কিনে তো আর দেয়নি যে নাক ফুটাবো?"
আমি তাকিয়ে মেয়েটার চেহারার সব রঙ গোণার চেষ্টা করতে থাকি।
লাজুকতার রঙ, সাধ জাগা রঙ, অনুনয় আর ভালবাসা মেশা
একটা গ্লাস পেইন্টের রঙ, আর একটা নাকফুলের রঙ।
তোমার মুখে এই কথাগুলোর সাথে সেই রঙধনুটা দেখবো বলে
কতদিন ধরে একটা নাকফুল বুক পকেটে নিয়ে ঘুরছি.....
তোমার নাকের ডান দিকটায় একটা সাদা পদ্ম দেখার শখটা যে এতকাল
সুঁইয়ের ভয়ে শিকোয় তোলা ছিল!
যাক, আজ শিকে ছিঁড়েছে। এখন একটা সূর্যমুখির স্বপ্ন নিয়ে হাঁটতেই পারি।
তোমার কপালে একটা সূর্যমুখি দেখার জন্য
আমার বুক পকেটটা আজ খালি করে দিচ্ছি তাই।
কাল থেকে তোমাকে না জানিয়ে বুকে একটা সূর্যমুখি নিয়ে
অবিরাম হাঁটবো আর হাঁটবো তোমার পাশে......
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




