একটি একক পৃথিবীর অন্তরালে মৃত্যুকে অবহেলা করে উড়ে যাচ্ছে একটি সারস। নাকি চিল! এইসব সোনালী সোনালী ডানারা আগুনের মতো উচ্ছল। বিপ্লবের মতোন উত্তাপ। অথচ হৃদয়কে অবহেলা করে রক্ত, আর মৃত্যুকে উপেক্ষা করে চলে হৃদয়। কি নিদারুন রক্তক্ষরন। কি রকম উদ্ভাসিত সত্য সে এক।
এই সব শক্তিমান সত্যকে ছাপিয়ে ঘুমাচ্ছেন একজন ছায়ামান বৃক্ষ। শীত আসছে। তিনি ঝিমুতে শুরু করেছেন সবে। আকাশের শিশির মেঠোপথ ছোঁবেন কি ছোঁবেন না খবর পায়নি বুনো পিঁপড়ের দল। কিংবা জগতের মেঠোপথ যত সব নিভে গেছে পিচ গলা পাথরে। এসব পাথর কি বেঁচে আছেন এখন? তারা কি টের পান মাটির স্পন্দন! কিংবা এক আকাশ শিশিরের আদর!
আসছে শীতে এবার বৃক্ষটি লোকান্তর হবেন। তার জন্য শোকের কোন প্রয়োজন নেই। যেহেতু তিনি ফলদায়ক ছিলেন না। স্রেফ ছায়ামান এক বৃক্ষ। বৃক্ষটির শরীর ফালা ফালা করে কেটে সূর্যের তলে ডুবিয়ে দিলেও তা শুকোয় না। যেহেতু সে পঁচনশীল। অথচ সে বেঁচে ছিলো গৃহত্যাগী এক জোছনার মহিমা নিয়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



