

বার্ট্রান্ড রাসেল ১৮৭২ সালের ১৮ মে যুক্তরাজ্যের মনমাউথশায়ারের ট্রেলেখে জন্মগ্রহণ করেন। প্রথমিক শিক্ষা শেষে ১৮৯০ সালে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং ১৮৯৩ সালে গণিতে প্রথম শ্রেণী অর্জন করে বিএ পাস করেন। রাসেল ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ব্যক্তিত্ব এবং জাতিসমূহের মধ্যে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করতেন। রাসেল ১৯০০ সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেন। তিনি হিটলারের বিরুদ্ধে প্রচারণা চালান, সোভিয়েত টোটালিটারিয়ানিজম এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের সমালোচনা করেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে ছিলেন সর্বদা সোচ্চার। তিনি বলতেনঃ " সৎলোকের নিরবতা অসৎ লোকের শক্তি যোগায়"। বার্ট্রান্ড রাসেল তার অহিংস মতবাদ প্রচারের জন্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দী হন এবং যুদ্ধবিরোধীর ভূমিকার জন্য তাঁকে ছ'মাস কারাদণ্ড ভোগ করতে হয়। সেই সঙ্গে কেমব্রিজের ট্রিনিটি কলেজের অধ্যাপক পদ থেকে বরখাস্ত করা হয়। এ ছাড়াও ১৯৫০ সালে পারমানবিক নিরস্ত্রীকরণের পক্ষে আন্দোলন সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাসেল। ১৯৫২ সালে ব্রিটেন যখন আণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটায় তখন রাসেল তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন৷ ব্রিটেন সরকার তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে দুমাসের কারাদণ্ড দিয়েছিল৷ ১৯৫৬ সালে ব্রিটেন যখন সুয়েজ আক্রমণ করে তখনও তিনি এমন অন্যায় কাজের প্রতিবাদ জানাতে গিয়ে কারাবরণ করেছিলেন৷ অথচ প্রধানমন্ত্রী ইডেন ছিলেন তার ব্যক্তিগত বন্ধু এবং তিনি তাকে সমীহ করতেন৷ ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি নুরেমবার্গ স্টাইলের ট্রাইবুন্যাল গঠন করে গণহত্যার অভিযোগে আমেরিকার প্রেসিডেন্ট জনসনের বিচারের ব্যবস্থা করেছিলেন এবং তাকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছিলেন৷ ষাটের দশকে কিউবা ইসু নিয়ে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ করার দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয় তখন মানবপ্রেমিক রাসেল দূতিয়ালি করে উভয় পরাশক্তিকে যুদ্ধ থেকে নিবৃত্ত করেছিলেন৷ ১০ দিনে তিনি তিন তিন বার মস্কো এবং ওয়াশিংটন সফর করেছিলেন ৷ শেষ পর্যন্ত তিনি সফল হন, ক্রুশ্চেভ এবং কেনেডি সমঝোতায় পৌঁছেন৷


রাসেল এবং হোয়াইট হুড একত্রে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামে একটি গ্রন্থ রচনা করেন, যাতে তারা গণিতকে যুক্তির ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাঁর উল্লেখযোগ্য দুটি বই অটোবায়োগ্রাফি এবং মাই ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট। দুটো গ্রন্থই যুক্তি, গণিত, সেট তত্ত্ব, ভাষাতত্ত্ব এবং দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার দার্শনিক নিবন্ধ "অন ডিনোটিং" দর্শনশাস্ত্রে মডেল হিসেবে বিবেচিত হয়। রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ছিল "তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ" যেখানে তিনি মানবতার আদর্শ ও চিন্তার মুক্তিকে ওপরে তুলে ধরেছেন।
বার্ট্রান্ড রাসেল সম্পর্কে একটি মজার তথ্যঃ
মৃত ব্যক্তির সাক্ষাৎকার!
বার্ট্রান্ড রাসেল ১৯২০ সালে চীন দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তিনি কোনো পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছিলেন না। জাপানি এক পত্রিকা বহু চেষ্টার পর সাক্ষাৎকার নিতে না পেরে ছেপে দিল, রাসেল মারা গেছেন। এই খবরের প্রতিবাদে প্রতিবাদলিপি পাঠালেন রাসেল। কিন্তু সেই পত্রিকা প্রতিবাদলিপিও ছাপল না। পরে চীন থেকে দেশে ফেরার পথে জাপানে যাত্রাবিরতি দেন রাসেল। সব পত্রিকা তাঁর সাক্ষাৎকার নেওয়ার জন্য ছুটে এল। তার মধ্যে সেই পত্রিকাও ছিল। রাসেল তাঁর সহকারীর হাত দিয়ে প্রত্যেক রিপোর্টারের হাতে একটা করে চিরকুট ধরিয়ে দেন। তাতে লেখা ছিলঃ 'বার্ট্রান্ড রাসেল মারা যাওয়ায় তাঁর পক্ষে সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয়। দার্শনিক, অঙ্কশাস্ত্রবিদ ও সমাজ সংস্কারক বার্ট্রান্ড রাসেল ৯৭ বছরের দীর্ঘ জীবন শেষে ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়েলসে পরলোক গমন করেন। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে তার জন্য আমাদের শ্রদ্ধাঞ্জলি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






