এখানে জীবন থাকেনা।
চৌকোণা ঘর, লাশের কফিন কিংবা বাক্স বন্দি যাপনে,
জীবন হয়না। শুধু শ্বাস নেওয়া আত্মদহনে, মরনে।
নিজের মাঝে আরও একটু ডুবে, হারিয়ে, বাঁচা হয়না,
নিজেকে ছড়িয়ে বাঁচতে হয়- এভাবে বাঁচা যায়না,
সাহসে দুর্বার হবার চেষ্টাটির নাম জীবন, ভয় না।
শূন্য আমিত্বের ফাঁদে পড়োনা।
অন্তঃসার শূন্যতার মাঝে হারানোতে শুধু প্রানহীনতার আর্তনাদ,
শুধু কিছু একা থাকার দুঃসহতা কিছুটা সংকীর্ণতা, মুক্তির প্রতিবাদ।
ফেলে রেখোনা জানালার পর্দাগুলো, ঢেকে রেখোনা তোমার তুমিকে,
আলোরা তোমাকে ছুঁতে চায়। বাতাসের কানাকানি শুনে দেখো, ওরা গল্প বলছে,
তোমার পাশে সর্বক্ষণে, বলছে বাঁচো! দেখো অপেক্ষায় কোটি আশার সঞ্চারণ
তোমারও, দুচোখ মেলে তাকাও, দুহাত বাড়িয়ে ছুয়ে দেখো প্রেরনার বরিষণ।
শুধু সারা দিও অপেক্ষমানে।
শত সবুজ রয়েছে প্রতীক্ষায়, যাবেনা ওদের সাথে?
মৃদু স্পর্শে শতরঙ্গি প্রজাপতিকে যদি উড়িয়ে দিতে মন না চায়,
কতটা বেঁচে রয়েছ তুমি, যদি ওই দূর নীল
আকাশের উড়তে না চাও তুমি, না চাও হতে বিলীন
সন্ধ্যার আবীর যদি, ইচ্ছে না করে গালে মাখতে,
যদি কেটে যায় সূর্য না দেখেই, কোন একটি দিন।
সারা দাও তুমি, ছুটে চলো শিশির ভেজা প্রান্তর ধরে,
কান পেতে শোনো ভোরের পাখির গান, ওরা তোমার অপেক্ষা করে।
(৩১/৩/১২, রাত ৩.৫৬ মিনিট)
উৎসর্গঃ মৃত্যু আঁকড়ে ধরছে যে প্রাণগুলোকে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





