ঈদ এলে আজকাল অনুভব করি, হ্যাঁ, বয়স হচ্ছে! আর বুঝতে পারি দিন দিন কি অসম্ভব ভাবেই না বদলে যাচ্ছে এর অনুভূতি। সেই একই শরীর , একই মন অথচ কি আশ্চর্য অমিল সব কিছুতে। ঈদ এক সময় আসতো প্রবল আনন্দ,উৎসাহ ও উদ্দীপনার ওপর নাম হয়ে। কিন্তু এখন যেন কিছুটা বিষণ্ণ, বেশ খানিকটা অর্থহীন, রঙহীন সাধারণ একটা ‘দিনই’ হয়ে দাঁড়িয়েছে ঈদের দিনটা। বলে রাখা ভালো এ শুধু আমার ব্যাক্তিগত ঈদ অনুভূতি। আপনারা হয়ত এখনও ঈদ শৈশবের উচ্ছলতার আমেজেই কাটান!
যে বিষয়টা সব থেকে বেশী কাজ করতো তা হচ্ছে ঈদের প্রস্তুতি! সে যেন মহারণ! জামা- কাপড় কেনা থেকে শুরু করে প্ল্যানিং, কার কার সাথে কোথায় কোথায় কবে যাবো তার স্কাজুয়াল সেট করার মতো সব আপাত হাস্যকর অথচ প্রয়োজনীয় কাজগুলো শুরু হয়ে যেতো ঈদের আগেই। বন্ধুদের নিয়ে রীতিমতো ‘জরুরী অবস্থা’ টাইপ মিটিং হতো। সিদ্ধান্ত নেয়া হতো। আর একবার যদি সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, যে কোন গোলমাল পাকাবে তাকে শাস্তি কি করে দেয়া হবে তাও ঠিক হয়ে থাকতো। পটকা ফুটিয়ে ঈদকে বরণ করার ছেলেমানুষিও কতো করেছি! কিন্তু সব যেন আজ পানসে হয়ে এসেছে।
যাই হোক, বেশী কথা বলে আপনাদের সময় আর নষ্ট করতে চাই না। কাল এখানে ঈদ। বাবার সাথে ঈদ করার সৌভাগ্য বঞ্চিত হয়েছি বেশ ক'বছর হলো। আগে যে বিষয়গুলো ঈদের দিনে বালখিল্য লাগতো তা প্রচণ্ডভাবে মিস করি আজকাল। আব্বুর পায়ে ছুঁয়ে সালাম করা... আম্মুর দোয়া নেয়া... এগুলো এবার হবে না, সালামীর বায়না ধরার বয়স মানুষ সব যেন বেমালুল হারিয়ে গেছে! দেশের বাতাস বুকভরে নিয়ে মোনাজাতে বসা হবে না... হবে না প্রিয় বন্ধুদের দেখে উচ্ছল হয়ে কোলাকুলিতে মেতে ওঠা! তবুও ঈদ তো! আমার জন্য তেমন কিছু না হয়ত, কিন্তু অনেকের কাছে অনেক কিছু হয়ে ওঠা এই দিনটিতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

