কাজিনের শুভ বিবাহ। ভাবলাম, অনেকদিন ধরে ঢাকা যাই না, এই ফাঁকে ঘুরেও আসব, বিবাহও খাব। আম্মাকে নিয়ে নাচতে নাচতে গেলাম ঢাকা শহরে।
শুক্রবার সকালে আমার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি আম্মার ব্যাগে ঢুকায় নিয়ে রওনা দিলাম মামার বাসায়। আম্মাও কাজিনের বিবাহ উপলক্ষে প্রায় ত্রিশ হাজার টাকা বগলদাবা করে নিয়েছে। আমি আর আম্মা রিক্সায় করে আসাদ গেটের কাছে চলে এসেছি। সেন্ট যোসেফ স্কুলে কী যেন একটা ব্যানার টাঙানো, আমি আর আম্মা গভীর মনোযোগে ব্যানার পড়ছি, হঠাৎ শুনি রিক্সাওয়ালার চিৎকার। তাকিয়ে দেখি আমাদের রিক্সার পাশেই একটা নীল ক্যাব, সেই ক্যাবের জানালায় আম্মার ব্যাগের মতই একটা ব্যাগ ঝুলতেসে। আমি চট করে আম্মার কোলে তাকিয়ে দেখি ব্যাগ নেই!
দিলাম এক চিৎকার। স্কুলের সামনে প্রায় দশ-পনের জন মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের রিক্সার ঠিক তিন হাত দূরে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে হাই তুলছে। আমি চিৎকার করে তাকে বললাম যে ভাই ব্যাগ তো নিয়ে যাচ্ছে, কিছু করেন! সেই ভদ্রলোক এমন ভাবে ডানে-বায়ে তাকানো শুরু করলেন যেন আমার কথা শুনতেই পাননি। কিছু লোক চিৎকার করছে ছিনতাই কারি ছিনতাই কারি বলে, কিন্তু কেউ এগিয়ে এল না! আমি তো আর শাহরুখ খান না যে রিক্সা দিয়ে পাল্লা দিয়ে ক্যাব ধরব।
রাগে দুঃখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। ব্যাগের ভেতর আমার চল্লিশ হাজার টাকা দামের ক্যামেরা, আমি ছিলাম বোনের বিয়ের ফটোগ্রাফার। আমার নোকিয়া লুমিয়া-যেটা বাবা আমাকে আমার রেজাল্টের জন্য গিফট্ দিয়েছিল। আমার বুকের ভেতর কী যে এক হাহাকার হল!! এতগুলা মানুষ-এত্তগুলা মানুষ! তিনজন পুলিশ- শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল! তারা কীভাবে জানবে যে ত্রিশ হাজার টাকা জমানোর জন্য আমার আম্মা-আব্বাকে কীভাবে কষ্ট করতে হয়েছে?? কীভাবে বুঝবে সুইজারল্যান্ড-নেদারল্যান্ড-বেলজিয়াম-অস্ট্রিয়া-জার্মানীতে তোলা সেই ছবিগুলোর পিছনের আবেগ: যেগুলো আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠদিন ছিল?
কে যেন বলেছিল, আমাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিউ ইয়র্কের চেয়েও বেশি ভালো? উনার জন্য রেকমেন্ডেশান- একটা দিন, শুধুমাত্র একটা দিন একটা মোটাসোটা ব্যাগে কিছু টাকা-পয়সা, কিছু সাধের জিনিস ভরে সেটা নিয়ে ঢাকা শহরে ঘুরবেন। তারপর দেখেন, যে কথাটা বলেছেন সেটা আবার কখনও রিপিট করার আগে নিজের লজ্জা লাগে কিনা।
ছিঃ! ! !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




