অপরাজিতা, ওদের ছুঁয়ে দাও
যাদের আকাশ ব্যক্তিগত নাটাই এ বাঁধা
যাদের হৃদপিণ্ডে মৌমাছির চাক
মধু মাখা হূল ফোটায় প্রতিনিয়ত
যাদের করোটি অসাড় কঙ্কাল
পৃথিবীর মোহে যাদের ঘড়ি উলটো ঘোরে
তাদের ছুঁয়ে দাও,
যাদের হৃদয়ে কথা কম, অক্ষর শুন্যতা
তাদের ফুল দাও, পাখি দাও
-নদী, গাছ পালা, পাহাড় দাও
ওদের আঙুল দাও
সবগুলো না হলেও একটা তর্জনী
যারা ব্যক্তিগত আকাশসীমায় অপরিচিত
ঘাসফড়িঙের আগমনে ভয়ে মুষড়ে পরে
যারা প্রজাপতির চিৎকারে গুটিয়ে ন্যায়
হাত পা পৃথিবীর আদিমতম গুহায়
সভ্য হতে হতে, সভ্য হতে হতে
যারা বিবর্তনের উলটো ছুটে গ্যাছে
তাদের নিদেনপক্ষে একটা আঙুল দাও
অথবা একটা ছোট্ট জোনাকি।
অপরাজিতা, ওদের আগুন দাও
যারা ফিরে গ্যাছে প্রাগইতিহাসিক যুগে
চাকার বিবর্তনে যারা পাথর কাটে নিয়ত
যাদের কাগজ কলম আটকে গেছে তৃতীয় বাক্যে
যারা ক্যালেন্ডারের তিনশপঁয়ষট্টি তে ঘূর্ণায়মান
যাদের সমাজ শেল্ফ পোট্রেটে দেয়ালে ঝোলানো
তাদের গাছের বাকল লতাপাতা দাও লজ্জা নিবারনে
ওদের আগুন দাও, পাথর দাও, কালি দাও
ওরা নতুন করে সভ্যতায় সভ্যতা আনুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





