কোথায় যেন শুনেছিলাম--আমি যদি কবি হতাম তাহলে শব্দের জালে সারা আকাশটাকে এক লাইনেই বন্দী করে রাখতাম কিংবা আমি যদি ঝড় হতাম তবে এক নিমিষেই ডুবিয়ে দিতাম পৃথিবীর সব শোক সাগরের উত্তাপ। কিন্তু আমি তো কবিও নই, বানও নই। অতি সাধারন একটি মানবপ্রান। তবে কি আমার কিছুই করার নাই? মনের ভেতর কী এক অসাড় শক্তি এসে ভর করে। আমার রক্তে বয়ে চলে লিউকেমিয়ার ভাইরাস। আমি হয়ে পড়ি নিঃসাড়। আমাকে তুলে ধরে কেউ। আবারো শুরু হয় পথচলা।
আমি থেমে যাই। চেয়ে দেখি, মায়া মমতার বাহুডোরে বেঁধে রাখা ফুটপাতের নির্মম ইতিহাস! রাজপথে ছিটকে পড়া মগজের দৃশ্য! ক্যাম্পাসে থোকা থোকা তাজা রক্তের উল্লাস! বাতাসে লাশের গন্ধ। আমার চোখে ভেসে উঠে নয় তলা বিশাল ভবনের ভেতর মায়াজালের কোনো এক অদৃশ্য খেলা। ওখান থেকে কিছু নরকীটের বেরিয়ে যাওয়া, ভেতরের কিছু নরকীটের উল্লাসে ফেটে পড়া। আমার রক্তে আবারো শুরু হয় লিউকেমিয়া ভাইরাসের আনাগোনা। আবারো আমি হয়ে পড়ি নিসাড়।
আমার মনে কোনো ক্ষোভ নেই। নেই কোনো অভিযোগ। আমার আমিকে আমি খুঁজে নিয়েছি নিরন্তর অবগাহনে। আমার মাঝে নেই কোনো হিংস্রতা, নেই কোনো মানবতা। চোখে বেয়ে নেমে আসা লোনা জল; তৃষ্ণার্ত হয়ে আমি খেয়ে ফেলি স্বর্গের অমীয় পানীয় ভেবে। বুকের ভেতর জমানো কষ্ট রাতের অন্ধকারে চালান করে দেই পেটের ভেতর। আমি কারো অধীনস্থ হয়ে থাকতে চাইনা। আমি মুক্তি চাই.....আমি মুক্তি চাই।
আমার পেছনে ধাওয়া করছে স্বাধীণতার এককশক্তিরুপী কিছু বেঈমান, বুভুক্ষু ক্ষমতাধারী কিছু নরপিচাশ, ধর্মের দোহাই দিয়ে কাবু করতে চাওয়া কিছু বেজন্মা, স্বৈরতন্ত্রের মোহজালে বিদ্ধ কিছু নারীলোভী কীট, নিরপেক্ষতার মায়াজালে আবদ্ধ সুশীল নামের কলঙ্কিত কিছু হায়েনা। ঐযে ধেয়ে আসছে হিংস্র দানব তৃতীয় শক্তি! পিছু ফিরে দেখি ওরা আমাকে এখনো তাড়া করছে। আমি হোঁচট খেয়ে পড়ে যাই। আমি আর দৌড়াতে পারিনা। আমি কোথায় যাব? কোথায় যাবো আমি?
আমি মায়ের কাছে যাবো। আমার মুখ পানে চেয়ে আছে আমার চিরদুঃখিনী মা। মাগো, আমি তোমার কাছে আসছি। আমাকে তুমি তোমার আচঁলে ঠাঁই দিও মা। ওরা আমাকে মেরে ফেলতে চায়। আমি আসছি মা, আমি আসছি............................!!!!!!
(আমার এ লেখাটি কাউকে ছোট করে বা কারো রাজনৈতিক সত্ত্বাকে খাটো করে লেখা নয়। বাস্তবতার আলোকে কিছু অদ্ভুত চিন্তা ভাবনার প্রকাশ ঘটেছে এখানে। কারো মনে আঘাত লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত।)
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




