ওল্ড কিংবা নিউ টেস্টামেন্টের কোথাও
জ্বলজ্যান্ত নরকাগ্নি নিয়ে
বিভিন্ন ভঙ্গিমায়
গায়েবী খেল দেখানোর অনুমোদন রয়েছে কি?
হে যীশু মাতা মরিয়ম, শতাব্দী তৃষিত আমি এক শিশু
স্মরণাতীতকাল ধরে, কখনো কখনো মনে হয়,
আমি মাতৃদুগ্ধের অকল্পনীয়
নান্দনিক স্বাদ থেকে বঞ্চিত।
মহাদেশ ইউরোপ আমেরিকার জঙ্গী ঈগল মানব
অতিমানবিক এক রাগতঃ কৌশলে
তৃণমূল থেকে তারকাপুঞ্জে
অবিশ্রান্ত ছিটিয়ে চলেছে
আমার অনাদি আকাঙ্খিত মাতৃদুগ্ধ ....।
মহাকাশে করতালি বাজিয়ে
আমি নির্দ্ধিধায় বলতে পারি-
আমার প্রথম মানবীয় আবির্ভাবের সাথে সাথেই
শতাব্দী, শতাব্দী লালিত জ্ঞান বিজ্ঞানের রক্তগোলাপ
অনির্বচনীয় প্রানোচ্ছ্বাসে
দশ দিগন্ত দল মেলেছিলো।
সকল ধর্মগ্রন্থের শপথ, আমার জন্মসুত্রের রক্তবাহী
একটি প্রশ্নের অতীব শিশুসুলভ উত্তর চাই,
আমি জানতে চাই মাহাকাশের অসংখ্য নক্ষত্রপুঞ্জে
আমার মুখমন্ডল নিমজ্জিত করে-
পৃথিবীর অগ্রগন্য সমুদয় যুদ্ধবাজ
মানবিক ঊষালগ্নে কোন মাতৃত্বের জরায়ু ছিন্ন করে
মৃত্তিকার অঙ্কশায়ী হয়েছিলো?
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




