।। রাজ্য, রাজত্ব, সিংহাসন ।।
................
রাজ্য, রাজত্ব, সিংহাসন
সময়ের অক্ষিতে দাঁড়ায়,
অবিকল শেফালি ফুলের আয়ু,
রাতে ফুটে ভোরে ঝরে যায়:
কিন্তু যখনই ফোটে নতুন কুঁড়িরা
নবাগত প্রজন্মের চিত্তরঞ্জনে,
আবারও সে রাজ্য জাগে ধ্বংসপ্রাপ্ত বাতিলের বনে।
এই যে মৌশুমী ড্যাফোডিল
তার কিন্তু কিছুতেই শ্রবণে পশে না
কী বদল, কী সুযোগ, কত উত্তেজনা
কাটা গেল, বিগত দিনের, ঝিলমিল;
অথচ সে জ্ঞানহীন
মুখের মেকাপ ঝলোমলো,
মনে ভাবে, চলমান আরও সাতদিন
নিজের আয়ুটি বুঝি চিরস্থায়ী হলো!
এই যে সময়, এতো উদারতা নিয়ে
আমাদের সব কর্ম সেরে নিতে বলে,
এমনকি জারি করে অধ্যাদেশ;
অন্ধ-ড্যাফোডিল আমরা, দৃঢ়তার ছলে
চূড়ান্ত মৃত্যুর মধ্যে ঢুকে গিয়ে
নিশ্চিত দাফনের দিন
ছায়াকে বোঝাই, যুক্তিতর্ক দিয়ে, ’চিরস্থায়ী আমাদের সব কার্যাদেশ!’
................
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


