শহর নিকটে নয়, গ্রাম বহু দূরে
এমন আধা-নির্জনে, চলো, সংসার পাতি
নিরবচ্ছিন্ন সুখ, বনিবনা নয়__
প্রায়শই দ্বন্দ্ব হোক আমাদের
এই ফাঁকে, পাখিরাও ঝগড়াঝাটি শিখুক
মৃদু বাতাসের দিন হরমাসেই জিতে নিক
দমকা-হাওয়ার পদক;
আমাদের পুত্রকন্যারা, পরস্পরের দিকে পীঠ রেখে
আঙুল উঁচিয়ে বলুক:
ওই তো শহর
ওই তো গ্রাম
ঠিক সে-সময়, ওদের মাথার ওপর দিয়ে বিমান উড়ে যাক
ডানার ইতিহাস নিয়ে দ্বিমত ও সহমত পোষণ করতে করতে
ওরা একটা সমঝোতা-স্মারকে স্বাক্ষর করুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

