নির্জন বনের মধ্যে গেয়ে ওঠে যে-বৃক্ষ বাউল
বাতাসও তো কতদিন তার গান প্রচার করে না!
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হয়তো তোমার কাছে
প্রতিশোধ। কোনও ঋণ, প্রতিশ্রুতি
হয়তো এখন তোমাকেও শোধ যেতে হবে!
অতএব, মেনে নিচ্ছি সেই নিষ্ঠুরতা।
গজপদক্ষেপে হাঁটা উদাসীন এই বাতাসের
অপকর্ম দ্যাখো! এর অপরাধ
আমি মেনে নেবো? সত্যকে যে সবুজ কবরে
সমাহিত রাখে! দিন নবায়ন করে
অন্যদিন, অন্যরূপ বাতাসের অভিসম্বর্ধণা
আয়োজন করতে হবে; ঝরো রাত্রি,
জেগে ওঠো নিদ্রাকুসুম থেকে উঁকিমারা চোখ
সুবহে সাদিক থেকে ভোরের মিনার দেখা যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




