দেশে ইন্টারনেট সুবিধা বাড়ানো এবং বিল কমানোসহ কয়েকটি দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মুস্তফা জব্বার।
স্বনামধন্য এ প্রযুক্তিবিদের ডাকে এরইমধ্যে সাধারণ মানুষের পাশাপাশি ১০টি সংগঠন সাড়া দিয়েছে। আগামী সপ্তাহেই আরো বেশকিছু সংগঠন ও সাধারণ মানুষ নিয়ে আন্দোলনের বড় প্লাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন।
তথ্যপ্রযুক্তির এ যুগে ইন্টারনেট সেবা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত বলে মনে করেন এই প্রযুক্তিবিদ। তাই এই সুবিধাও অবাধ প্রসার দাবী করে বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃত্বে ৬ দফা দাবী তুলে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
মুস্তফা জব্বারের ৬ দফার মধ্যে রয়েছে, ইন্টারনেট সেবা পাওয়া একটি মৌলিক অধিকার এবং এর সংবিধানে স্বীকৃতি, প্রতি মাসে এক এমবিপিএস গতির ব্যান্ডউইথের সীমাহীন ব্যবহারের সর্বোচ্চ খুচরা মূল্য পাঁচশত টাকার বেশি হতে পারবেনা, ইন্টারনেটের চার্জ নিরুপনের সময় ডাটার পরিমাণ কোন শর্ত হতে পারবে না, ২০১৪ সালের মাঝে দেশের প্রতিটি বাড়িতে থ্রিজি নেটওয়ার্ক দিতে হবে, শিক্ষার্থীদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দিতে হবে, প্রতিটি পৌর এলাকায় কমপক্ষে একটি ওয়াইফাই জোন থাকতে হবে।
এই দাবীগুলো তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঐক্যমত গড়ে তুলেই আন্দোলন শুরু করবে সংগঠনটি। কয়েকদিনের মধ্যেই দাবির বিষয়গুলো জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিবেন। সেই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলে জানান মুস্তাফা জব্বার।
মুস্তফা জব্বার বলেন,“এক এমবিপিএস (মেগাবিট প্রতি সেকেন্ড) গতির ব্যান্ডউইথের সংযোগের জন্য প্রতি মাসে সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকার বেশি হতে পারে না। ইন্টারনেটের চার্জ নির্ধারণের সময় ডাটার পরিমাণ কোনো শর্ত হতে পারে না। সরকার ব্যান্ডউইথের হিসাবেই ইন্টারনেট বিক্রি করছে, ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলো সেই হিসাবেই ক্রয় করে।”
এর আগে ১৯৯৬ সালে শুল্ক ও ভ্যাটমুক্ত কম্পিউটার যন্ত্রাংশ আমদানির দাবীতে আন্দোলন করেছিলেন মোস্তফা জব্বার। সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার দাবী মেনে নিয়েছিলো।
পরিবর্তন ডট কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

