শিক্ষাই জাতির মেরুদন্ড। আর শিক্ষকরা জাতির বিবেক। কিন্তু সে বিবেকে যদি পচন ধরে তবে জাতির অবস্থা হয় কী? শিক্ষক-চিকিৎসক এদেরই যদি নৈতিকতা না থাকে তবে জাতির পরিণতিটা কী? শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা পণ্য নয়।
কিন্তু আজকের প্রেক্ষাপটে শিক্ষা কেবল পণ্যই নয়, বরং উচু মূল্যের পণ্যে পর্যবসিত হয়েছে। শিক্ষা গরিব এবং নিম্নবিত্তদের জন্য নয়, বরং শিক্ষা উচ্চবিত্তদেরই বৈভবে পরিণত হয়েছে। উচ্চবিত্তদের জন্য শিক্ষার হাজারো দরজা খোলা। যে বিষয়ে তাদের প্রবণতা এবং যোগ্যতা নেই- সে ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে যে কোনো বেনিফিসিয়ারী সাবজেক্টই তারা যে কোনো উচ্চ মূল্যের বিশ্ববিদ্যালয় থেকে লুফে নিতে পারছে। ভর্তি হতে পারছে। সার্টিফিকেটও বানিয়ে নিতে পারছেন। বর্তমান শিক্ষা ব্যবস্থাটা যেন টাকার খেলায় পরিণত হয়েছে। বাণিজ্যের অনুষঙ্গ হয়েছে। প্রথাগত অথবা ঐতিহ্যগত অনুশীলন হয়ে নেই।
ক্লাস রুমে নিবেদিত শিক্ষক নেই। যেটা বুঝিয়ে দেবারও প্রচেষ্টা নেই। অনিবার্যভাবে হচ্ছে জটিলতা ও কাঠিন্য। এখান থেকে শিক্ষার্থীকে মুক্তি দেবার লক্ষ্যে প্রচারণা পাচ্ছে হাজারো বিজ্ঞাপন- কোচিং সেন্টারের বিজ্ঞাপন। তাতে লেকচার শীট, ফ্রি পরীক্ষা, ধারাবাহিক প্রশ্নপত্র ইত্যাদি বাহারি অনুষঙ্গের অভূতপূর্ব প্রচারণা থাকছে।
ক্লাস টিচারের দরদী লেকচার শুনে বিমোহিত হবে শিক্ষার্থী- সে পরিবেশ নেই। ক্লাসরুমের প্রজ্ঞাপূর্ণ লেকচার ঠোটস্থ রেখে পরীক্ষা দিবে শিক্ষার্থী সে ঐতিহ্য নেই। বরং ক্লাসরুমের আবহটা এমন যে- কোনটা পড়তে হবে, কোনটা মুখস্থ করতে হবে সে বিষয়টিই ব্যক্ত করা হয় না। পুরো বিষয়টিকে তারা জটিল করে তুলছেন। এভাবেই শিক্ষার মতো আদর্শকে তারা পণ্যে পরিণত করছেন। শিক্ষাকে বাণিজ্য বানিয়ে ফেলছেন। নিজেরা পরিণত হয়েছেন শিক্ষকের পরিবর্তে শিক্ষা ব্যাপারীতে।
প্রসঙ্গত উল্লেখ্য, এসব কোচিং সেন্টারে শিক্ষা দিচ্ছেন ঐসব নাম-দামী স্কুল-কলেজের শিক্ষকগণই। যে শিক্ষাটা তাদের দেয়ার কথা ছিল ক্লাস রুমে সে শিক্ষাটাই তারা দিচ্ছেন কোচিং সেন্টারে, প্রথাগত পারিশ্রমিকের বাইরে উচ্চমূল্যের পারিতোষিকের বিনিময়ে।
শিক্ষকদের সার্ভিস রুলে ব্যক্তিগত টিউশনি নিষিদ্ধ ঘোষণা দেয়া থাকলেও সে নিষেধাজ্ঞা মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষকরা চালাচ্ছেন ফ্রি স্টাইল কোচিং বাণিজ্য। শুধু কোচিং করিয়ে ওই শিক্ষকরা মাসে আয় করছেন তিন থেকে চার লাখ টাকা।
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলসহ একনামে পরিচিত স্কুলগুলোর অধিকাংশ শিক্ষক মিলে কোচিং নামক বাণিজ্যালয় তৈরি করেছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে।
অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর বেশ কিছু পয়েন্টে এসব শিক্ষক আলাদা বাড়িভাড়া নিয়ে কিংবা নিজে যে বাড়িতে থাকেন সেখানেই কোচিং ক্লাস পরিচালনা করছেন। এ ক্ষেত্রে শাহজাহানপুরের শিল্পী হোটেলের গলি, আমতলা মসজিদ গলি, উত্তরা ব্যাংকের গলি, বেনজীর বাগান, সিদ্ধেশ্বরী, মগবাজার, তেজগাঁও হলিক্রস কলেজের গলি, তেজকুনিপাড়া, ফার্মগেট, ইন্দিরা রোড, আজিমপুর টিচার্স কোয়ার্টার, বনশ্রীর বিভিন্ন ব্লকের শিক্ষকদের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। এসব এলাকা সকালে স্কুল শুরুর আগে এবং বিকালে স্কুল ছুটির পর থেকে গভীর রাত পর্যন্ত ব্যাচ ব্যাচ শিক্ষার্থীদের আসা-যাওয়ায় মুখর হয়ে থাকে।
কোচিংয়ে অংশ নিতে হলে একেকজন শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ থেকে ১০০০ টাকা দিতে হয় শিক্ষককে। আর তা না হলে সুদূরপ্রসারী নির্যাতন নেমে আসে শিক্ষার্থীটির উপর। সংশ্লিষ্ট স্কুলগুলোর অধ্যক্ষরাও এ অপকর্মের পরোক্ষ অংশীদার হওয়ায় তাদের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না কেউ। সবশেষে অভিভাবকরা তাদের সন্তানটিকে শিক্ষকদের বাসায় পাঠাতে বাধ্যই হচ্ছেন।
কোচিং সংক্রান্ত অনুসন্ধান করতে গিয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উঠে এসেছে আরও কিছু অভাবনীয় তথ্য। শিক্ষকরা কোচিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য তাদের খাতায় কম নম্বর দেয়া থেকে শুরু করে নীতিবিগর্হিত এমন কিছু নেই যা করেন না। তাদের ডায়েরিতে উল্টাপাল্টা মন্তব্য লেখা, ক্লাস এসেসমেন্টের নির্ধারিত ৫ নম্বরের মধ্যে ০ বা ১ দিয়ে দেয়া এগুলো খুবই সাধারণ বিষয়।
সার্ভিস রুলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ না হওয়ায় অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে ৩০-০৭-২০১০ ঈসায়ী তারিখে তৎকালীন শিক্ষাসচিবের কাছে কোচিং বাণিজ্য বন্ধের ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। এরপর গণমাধ্যমে বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে আসা শুরু হলে ১০-০৮-২০১০ ঈসায়ী তারিখে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্কুলের ভেতরেই বাড়তি এক ঘণ্টার ক্লাস করানোর নির্দেশ দেয়া হয়। এ ধরনের একেকটা ক্লাসের জন্য একজন শিক্ষক সর্বোচ্চ ১৭৫ টাকা করে পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেই টাকা কি সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকরা দেবেন নাকি স্কুল কর্তৃপক্ষ পরিশোধ করবে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তি গ্রাহ্য করেননি কোনো স্কুলের শিক্ষকই। এরপর ৩১-০৫-২০১১ ঈসায়ী তারিখে অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে শিক্ষা সচিবের কাছে কোচিং বাণিজ্য বন্ধের জন্য পরিপত্র জারির আবেদন জানানো হয়। ১৪-০৯-২০১১ ঈসায়ী তারিখে ফোরামের পক্ষ থেকে এর সভাপতি সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের কোচিং বন্ধে সরকারি পরিপত্র জারির জন্য মামলা করেন। মামলায় বিবাদী করা হয় কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদককে। প্রাথমিক শুনানি শেষে এ মামলায় আদালত বিবাদী পক্ষকে ১৪-১১-২০১১ ঈসায়ী তারিখের মধ্যে ‘কেন কোচিং বাণিজ্য বন্ধে সরকারি পরিপত্র জারি করা হবে না’ জানাতে নির্দেশ দেয়। বিবাদী পক্ষ এ জবাব দেয়ার জন্য আরও সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, আমরা মনে করি শিক্ষকের কোচিং ব্যবস্থা অবশ্যই বন্ধ করতে হবে। তবে শিক্ষকদের বেতন-ভাতাও সঙ্গত পরিমাণে বাড়াতে হবে। এক্ষেত্রে বেসরকারিভাবেও সাহায্য নেয়া যেতে পারে। কারণ কোচিং সেন্টারে ৮০০ টাকার পরিবর্তে শ্রেণী শিক্ষায়ই ১০০ টাকা করে বেশি দেয়া অনেকের পক্ষেই সম্ভব এবং এটাই বেশি উপযোগী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

