![]()
খাবারের মেন্যু একেক রকম বর্ষা কিংবা শীতে,
কারো কারো সখ এসবের ছবি ফেসবুকে তুলে দিতে।
নববর্ষের আলাদা খাবার, মেন্যু থাকে আলাদাই
ফ্যাশন অনুযায়ী ভাতে পানি দিয়ে ইলিশ মাখিয়ে খাই।
বিয়েতে পোলাও কিংবা বিরানী, জন্মদিনের কেক,
কালাপানি ছাড়া পার্টি হবে না দ্যাটস ফর গড সেক।
খাবার রুচে না আমাদের মুখে মেন্যু না থাকলে ঠিক-
হরতালে মেন্যু কি হবে? তবে সরকার বলে দিক।
পেট্রোল দিয়ে রান্না চলবে, লাগবে না কোন তেল,
যাবতীয় তেল নিষিদ্ধ হোক, যে খাবে তার জেল।
বুলেটগুলোকে কষিয়ে কষিয়ে ভুনা কর কম আঁচে,
খোসাগুলো খুলে ফেলবে যখন মিনিট চার বা পাঁচে।
ভাজার আগেই ভাল করে ধুয়ে নিয়ে এস বোমগুলো,
ফুটে যেতে পারে খুব সাবধান! কমিয়ে রাখবে চুলো।
ককটেল দিয়ে তরকারী হবে দিতে হবে বেশী ঝোল,
খাওয়ানোর পরে চাটবে সবাই দেখলে ফেলবে লোল।
মজার খাবার আরো রয়ে গেছে হবে বারুদের ডাল,
পানসা হবে না, এটা হতে হবে খানিকটা বেশি ঝাল।
পিপার স্প্রে’টাও খুব ভাল হয় আন যদি দুই ক্যান,
স্বাদটা বাড়বে সবাই বলবে দু’চামুচ আরো দেন।
গান পাউডার লাগবে অনেক যখন বানাবে পায়েশ,
খাওয়া দাওয়া শেষে এটা খেয়ে নিলে মিটে যাবে সব খায়েশ।
হরতাল আমাদের সংস্কৃতি, জাতির বিবেকবোধে,
এসব খাবার মেন্যু হতে পারে হরতাল-অবরোধে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




