
আসলে, কেউ বড় হয় না, বড়র মত দেখায়,
গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো
---- শক্তি চট্টোপাধ্যায়।
গত চারদিন ধরে কিছুই ভালো লাগছে না।
প্রতিদিন সন্ধ্যা থেকে মাথা ব্যথা শুরু হয়। প্রচন্ড মাথা ব্যথা। এটা সেটা কপালে কত কিছু মাখি। কিছুতেই ব্যথা কমে না। নিজের চুল দুই হাট ভরতি করে টানি। মাথায় পানি দেই। ঘর অন্ধকার করে চোখ বন্ধ করে শুয়ে থাকি। ব্যথা কমে না। নাপা খাই। নাপা খেলে ব্যথাটা কিছু সময়ের জন্য কমে। কিন্তু আবার শুরু হয়। ব্যথার জন্য ঘুমাতে পারি না। এদিকে ফযরের আযান দিয়ে দেয়। আকাশ ফর্সা হতে শুরু করে। আমার ঘুম আসে না। ব্যথা কমে না। আমি চুপ করে ব্যথা সহ্য করি। কাউকে কিচ্ছু বলি না।
এখন আমার কিচ্ছু খেতেও ভালো লাগে না।
পুরান ঢাকায় গিয়ে হানিফ এর বিরানী নিলাম। নষ্ট করলাম। একটুও ভালো লাগে না। অথচ হানিফ এর বিরানী আমি আগ্রহ নিয়ে খেয়েছি সব সময়। গতকাল ফুড পান্ডায় বলে, কেএফসি থেকে চিকেন ফ্রাই আনলাম। খেতে ভালো লাগলো না। আমি চা পাগল মানুষ। প্রতিদিন কয়েক কাপ চা আমাকে খেতেই হয়। এখন আমার কাছে চা-ও ভালো লাগে না। ক্ষুধা পায় কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছা করে না। হে চন্দ্র এ আমার কেমন অসুখ হলো। গত একমাসে আমার সাত কেজি ওজন কমেছে। মুখে কেমন কালো কালো দাগ হচ্ছে।
কারো রান্নাই ভালো লাগছে না।
ভাবী তেহারি রান্না করেছেন। খেতে পারি নি। ভালো লাগে নি। অথচ ভাবীর তেহারি কত আগ্রহ নিয়ে খেয়েছি। আরিশের মা কত কিছু রান্না করেছে, কোনো কিছুই আমার ভালো লাগে নি। ইলিশ মাছের ডিম আমার খুব প্রিয়। সেটাও খেতে ইচ্ছা করে না। কোনো কিছু খেয়েই আরাম পাচ্ছি না। সম্ভবত মাথা ব্যথার কারনে কোনো খাবারই ভালো লাগছে না। ডাক্তারের কাছে এখনও যাই নি। আমার ধারনা মাথা ব্যথা একা একাই ভালো হয়ে যাবে। আর ডাক্তারের কাছে গেলেই নানান টেস্ট ফেস্ট দিবে। একগাদা টাকা খরচ হবে। নাকি চোখে সমস্যা? শুনেছি চোখে সমস্যা হলে মাথা ব্যথা করে। মাথা ব্যথা তো আমার আগেও হতো। অল্প সময় পর সেরে যেত।
আমার করোনা হয়নি তো?
কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, এখনও বেঁচে আছি এটাই বড় কথা। এখন যদি মরে যাই! আমার মেয়েটার কি হবে? মাত্র দুই মাস বয়স। কে খেয়াল রাখবে আমার মেয়েটার? বাবাহীন পৃথিবীতে মেয়েটা কিভাবে বড় হবে? আড়াই মাস আগে আমার বাবা মারা গেলো। অবশ্য আমি আব্বাকে ৩৫ বছর কাছে পেয়েছি। না এত তাড়াতাড়ি আমার মরা চলবে না। মেয়েটার জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে হবে। আমি মরে গেলে কারো'ই কিছু যাবে আসবে না। তবে আমার মেয়েটার সীমাহীন কষ্ট হবে।
বহু বছর ধরে আমি ডাক্তারের কাছে যাই না।
পনের/বিশ বছর তো হবেই। অবশ্য মাঝে কয়েক বার দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়েছে। বুঝতে পারছি না আগামী শনিবার কি ডাক্তারের কাছে যাবো কিনা। যদি শনিবার পর্যন্ত মাথা ব্যথা থাকে তাহলে যাবো। ব্যথা কমে গেলে আর যাবো না। সিদ্ধান্ত ফাইনাল। আর এর মধ্যে যদি হঠাত করে মরে যাই, তাহলে তো গেলামই। ব্লগার 'রাজীব নূর' আর নেই। ইন্না...ওয়া.. রাজিউন। গতকাল রাতে হঠাৎ ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ যোহর তার জানাযা হবে গাউসুল আযম জামে মসজিদে। আ্জিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুর সময় তিনি তার কোনো প্রিয় মানুষের মুখ দেখে মরতে পারেন নি।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


